অস্ট্রেলিয়ার বেইলি-হগ চমক
কিছুদিন ধরেই বাতাসে ভাসছিল পরিবর্তন আসছে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়কত্বে। ক্যামেরন হোয়াইটের জায়গা হারানো তাই চমক নয়। বড় চমক হয়ে এল নতুন অধিনায়কের নাম। ধারণামতো ডেভিড ওয়ার্নার বা শেন ওয়াটসন নয়, অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছে জর্জ বেইলিকে, এর আগে যিনি অস্ট্রেলিয়ার হয়ে খেলেনইনি! বড় চমক আছে আরেকটি, ৪১তম জন্মদিনের দুই সপ্তাহ আগে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে ফিরেছেন ব্র্যাড হগ। চায়নাম্যান বোলার সব ধরনের ক্রিকেট থেকেই বিদায় নিয়েছিলেন চার বছর আগে। ১ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামলে সবচেয়ে বেশি বয়সে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার রেকর্ডটি হয়ে যাবে হগের। ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় টি-টোয়েন্টি।বেইলির ডেপুটি করা হয়েছে ওয়ার্নারকে, চোটের কারণে দলে নেই ওয়াটসন। তবে ওয়াটসন ফিরলেও আগামী সেপ্টেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্বে বেইলিই থাকবেন বলে জানিয়ে দিয়েছেন প্রধান নির্বাচক জন ইনভেরারিটি। ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখেই গত বছর অধিনায়ক করা হয়েছিল হোয়াইটকে। কিন্তু সর্বশেষ ৯ টি-টোয়েন্টির ৭টিতেই হেরেছে অস্ট্রেলিয়া, রান নেই হোয়াইটের ব্যাটেও। ব্যাট হাতে এমন আহামরি কিছু ফর্মে নেই বেইলিও। তবে ২৯ বছর বয়সী ব্যাটসম্যানের ক্ষেত্রে অস্ট্রেলিয়া ফিরে গেছে অতীত ধারণায়, ‘আগে অধিনায়ক, পরে দল।’ বেইলির অধিনায়কত্বে গত বছর শেফিল্ড শিল্ড জিতেছে তাসমানিয়া, আগের বছর জিতেছে ঘরোয়া ওয়ানডে। ইনভেরারিটিও জানিয়ে দিয়েছেন, নেতৃত্বগুণের কারণেই মূলত বেইলি দলে। পালাবদলের হাওয়ায় দলে এসেছেন অলরাউন্ডার জেমস ফকনার ও উইকেটকিপার ম্যাথু ওয়েড, ফিরেছেন ট্রাভিস বার্ট ও ক্লিন্ট ম্যাকে। ৭ টেস্ট, ১২৩ ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলা হগ ২০০৮ সালের মার্চে অবসর নিয়েছিলেন ব্যক্তিগত কারণ দেখিয়ে। এবার বিগ ব্যাশে ফিরে ১২ উইকেট নিয়েছেন ওভারপ্রতি মাত্র ৫.৪০ রান দিয়ে। এরপর আচমকা এই দলে ফেরা, নেপথ্য কাহিনি শুনুন তাঁর মুখেই, ‘সম্ভবত সপ্তাহ খানেক আগে ভাবতে শুরু করেছিলাম আবার সুযোগ এলে লুফে নেব। গতকাল (পরশু) সকালে জনের (ইনভেরারিটি) ফোন পেলাম। আমি সত্যিই রোমাঞ্চিত, উত্তেজনায় রাতে ঘুম হয়নি। মনে হচ্ছে আবার শৈশবে ফিরে গেছি। অবিশ্বাস্য অনুভূতি, সত্যি বলছি, মনে হচ্ছে আমার বয়স যেন মাত্র ২১!’ ওয়েবসাইট।অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল: জর্জ বেইলি (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ট্রাভিস বার্ট, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, জেভিয়ার ডোহার্টি, জেমস ফকনার, অ্যারন ফিঞ্চ, ব্র্যাড হগ, ডেভিড হাসি, ব্রেট লি, মিচেল মার্শ, শন মার্শ, ক্লিন্ট ম্যাকে, ম্যাথু ওয়েড।