অস্ট্রেলিয়ার বোলিং কোচ ওয়াকার !
অস্ট্রেলিয়ার বোলিং কোচ হতে পারেন ওয়াকার ইউনুস। এ লক্ষ্যে কিছুদিন আগে ক্রিকেট অস্ট্রেলিয়ার বিশেষ কমিটির কাছে একটি সাক্ষাত্কারও দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।ক্রেইগ ম্যাগডারমট এখন আর অস্ট্রেলিয়ার বোলিং কোচ হিসেবে দায়িত্বে নেই। পাকিস্তানের কোচের চাকরি স্বেচ্ছায় ছেড়ে দেওয়ার পর ওয়াকারের বর্তমান আবাস অস্ট্রেলিয়ার সিডনি। এই হিসাব মিলিয়েই অস্ট্রেলিয়ার এই চাকরির প্রতি ওয়াকারের আগ্রহ। ওয়াকারের প্রতি ক্রিকেট অস্ট্রেলিয়ার আগ্রহটাও প্রণিধানযোগ্য। ওয়াকারের অধীনে তরুণ অসি বোলারদের উন্নতিই দেখছে তারা।ওয়াকার ক্রিকেট অস্ট্রেলিয়ার টিম পারফরম্যান্স ম্যানেজার প্যাট হাওয়ার্ডের কাছে সাক্ষাত্কারটি দিয়েছেন। তবে তাঁর নিয়োগের ব্যাপারে এখনো চূড়ান্ত কিছু জানা যায়নি।রিভার্স সুইংয়ের জন্য বিখ্যাত ওয়াকারের অধীনে বোলিংয়ের এই শিল্পটির পাঠ নিতে চায় অস্ট্রেলীয়রা। ক্রেইগ ম্যাগডারমটের সময় মৌলিক বিষয়গুলোর ওপর জোর দেওয়া অস্ট্রেলীয় বোলাররা ওয়াকারকে কোচ হিসেবে পেলে উপকৃতই হবে বলে ধারণা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া।আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের একজন ক্রিকেট কিংবদন্তি হিসেবেই ধরা হয় ওয়াকার ইউনুসকে। ৮৭টি টেস্টে অংশ নিয়ে ওয়াকারের সংগ্রহ ৩৭৩টি টেস্ট উইকেট। ২৬২টি ওয়ানডে ম্যাচে ৪১৬টি উইকেট নিয়ে ওয়াকার ক্রিকেট ইতিহাসেরই অন্যতম শীর্ষ ফাস্ট বোলার।