অস্ট্রেলিয়ার বোলিং কোচ হলেন ম্যাকডারমট
ক্রিকেটের অলি-গলি খুব ভালো করেই চেনেন ক্রেইগ ম্যাকডারমট। বয়সটা ৪৬ হয়েছে সবে। ১৯৮৪ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার গর্বের প্রতিনিধি তিনি। ৭১টি টেস্ট খেলে প্রায় ২৮ দশমিক ৬৩ গড়ে সংগ্রহ করেছেন ২৯১টি উইকেট। রেকর্ডই বলছে, পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে থাকা অস্ট্রেলীয় দলের বোলারদের শিখিয়ে-পড়িয়ে নেওয়ার দায়িত্বটা তিনিই পালন করতে পারবেন সবচেয়ে ভালোভাবে। ক্রিকেট অস্ট্রেলিয়াও সিদ্ধান্তে আসতে দেরি করেনি। সাবেক এই অসি ফাস্ট বোলারকেই বেছে নিয়েছেন ব্যাগি গ্রিনারদের বোলিং কোচ হিসেবে।ম্যাকডারমটের পাশাপাশি কোচ টিম নিয়েলসেনের ডেপুটি হিসেবে পুনর্নিয়োগ পেয়েছেন সাবেক ব্যাটসম্যান জাস্টিন ল্যাঙ্গার। আর ম্যাকডারমট যাঁর জায়গায় এসেছেন সেই ট্রয় কুলিকে আরও ভালো চাকরি দিয়ে ক্রিকেট একাডেমির হেড কোচ বানানো হয়েছে।ম্যাকডারমটের নিয়োগ নিয়ে দারুণ খুশি ক্রিকেট অস্ট্রেলিয়া। সংস্থার মহাব্যবস্থাপক মিচেল ব্রাউন বলেছেন, ম্যাকডারমটের দক্ষতাই এ পদের জন্য তাঁর উপযুক্তিতা প্রমাণ করেছে।এদিকে বোলিং কোচ হিসেবে নিয়োগ পাওয়ার পর ম্যাকডারমট বলেছেন, ‘আমি এমন সময়ে দলের বোলিং কোচের দায়িত্বটা নিলাম, যখন বেশকিছু তরুণ প্রতিভাবান বোলারের আগমন-বার্তা শোনা যাচ্ছে। পিটার সিডল, মিচলে জনসনের পাশাপাশি বেন হিলফেনহাস, মাইকেল স্ট্র্যাক, জোশ হ্যাজেলউড ও জেমস প্যাটিনসন উঠে আসছে। এরা সবাই প্রতিভাবান। আশা করছি এদের সঙ্গে কাজ করার সময়টা হবে খুবই উদ্দীপনাময়।’ ওয়েবসাইট।