অস্ট্রেলিয়ার বোলিং নিয়ে চিন্তিত ইয়ান চ্যাপেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণকে কি আগে কখনো এত নখ-দন্তহীন মনে হয়েছে? অ্যাডিলেড টেস্টের পুরো দুটি দিন ইংলিশ ব্যাটসম্যানদের যেন ব্যাটিং প্র্যাকটিস করিয়ে গেলেন অসি বোলাররা। তিন পেসার রায়ান হারিস, ডউগ বলিঞ্জার ও পিটার সিডলকে খুব সহজেই খেললেন অ্যালিস্টার কুক, কেভিন পিটারসেনরা। অ্যালিস্টার কুককে তো ব্রিসবেন টেস্টের পর এ প্রথম আউট করতে পারল অস্ট্রেলিয়ার বোলাররা। কেবল অ্যাশেজই নয়, অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় ও তৃতীয় দিনকে বলা হচ্ছে, টেস্ট ক্রিকেটেই অস্ট্রেলিয়ার বল হাতে সবচেয়ে বাজে দুটি দিন।গত দুই দশক ধরেই বিশ্বের ক্রিকেটানুরাগীরা অস্ট্রেলিয়ার বোলিং বিভাগে সব বাঘা বাঘা নাম দেখে অভ্যস্ত। ক্রেইগ ম্যাগডারমট, মার্ভ হিউজ, ব্রুস রিড থেকে শুরু করে ডেমিয়েন ফ্লেমিং, গ্লেন ম্যাকগ্রা, জেসন গিলেস্পি কিংবা ব্রেট লি—সবাই ছিলেন ব্যাটসম্যানদের অন্তরাত্মা শুকিয়ে দেওয়া ফাস্ট বোলার। শেন ওয়ার্ন ও স্টুয়ার্ট ম্যাকগিলের স্পিন জাদুতে ব্যাটসম্যান বধের দৃশ্য খুবই স্বাভাবিক হয়ে গিয়েছিল দর্শকদের কাছে। সময়ের চিরন্তন ধারায় একমাত্র ব্রেট লি ছাড়া সবাই অতীত দিনের সুখস্মৃতিতে পরিণত হয়েছেন। কিন্তু এসব মহারথী বোলারদের জায়গায় আজকের দিনে যারা এসেছেন, তাঁদেরকে বড় বেশি ফ্যাকাশে মনে হচ্ছে। মনে হচ্ছে, অসি বোলিং আক্রমণের গুরুভার বহনে তাঁরা বড় বেশি অপারগ।অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক ইয়ান চ্যাপেলও মনে করেন অস্ট্রেলিয়ার বর্তমান বোলিং আক্রমণের দায়িত্বে যারা আছেন, তাঁরা ব্যাকআপ বোলার হিসেবে চমৎকার হলেও গোটা দলের বোলিং আক্রমণের নেতৃত্ব দেওয়ার মতো যথেষ্ট প্রতিভাবান নন। এমনকি বলিঞ্জার, সিডল ও হারিসের মতো বোলারদের ভবিষ্যতেও নিজেদের ছাপিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বলে মনে করেন ইয়ান চ্যাপেল।চ্যাপেলের মতে, অস্ট্রেলিয়ার ক্রিকেট কর্তৃপক্ষের উচিত বর্তমান প্রজন্ম নিয়ে না ভেবে, ভবিষ্যতের প্রতিশ্রুতিশীল ও উদীয়মান বোলারদের ব্যাপারে মনোযোগী হওয়া, যাতে দুয়েক বছরের মধ্যে কয়েকজন ভালো মানের ‘ম্যাচ উইনিং বোলার’ তৈরি করা যেতে পারে। চ্যাপেল বলেন, ‘আশির দশকের শুরুর দিকে অস্ট্রেলিয়া দল এমনি একটি পুনর্গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছিল। তখন ক্রেইগ ম্যাকডারমট একজন তরুণ-উদীয়মান ফাস্ট বোলার ছিলেন। তাঁর প্রতিভা ও সামর্থ্যে বিনিয়োগের ফল হয়েছিল চমত্কার। ম্যাকডারমট পরবর্তীকালে অস্ট্রেলিয়ার একজন শীর্ষ ম্যাচ জয়ী বোলারে পরিণত হয়েছিল। বর্তমানেও সময় এসেছে তেমনই কিছু করার।’ চ্যাপেল অস্ট্রেলিয়ার ভবিষ্যতের উইকেট শিকারি বোলার হিসেবে ১৯ বছর বয়সী জো হ্যাজেলউডের নাম করে বলেন, ম্যাকডারমটের মতো হ্যাজেলউডকে তৈরি করা যেতে পারে। সে হতে পারে অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের ভবিষ্যৎ।ইয়ান চ্যাপেল অ্যাডিলেড টেস্টে মিচেল জনসনের না খেলাকে অস্ট্রেলিয়ার জন্য একটি বড় আঘাত হিসেবে মনে করেন। তিনি বলেন, ‘আমি যে ধরনের আক্রমণাত্মক বোলারের কথা বলছি, জনসন অনেকটা সে রকম। তাঁর অস্ট্রেলিয়ার বোলিংকে নেতৃত্ব দেওয়ার কিছু গুণাবলি ছিল। কিন্তু সে খুবই অধারাবাহিক। তার পরও জনসনের না খেলাটা অ্যাডিলেডে অস্ট্রেলিয়াকে ভালোই ভোগাচ্ছে।’ ক্রিকইনফো।