
২৯ বল হাতে রেখে ৬ উইকেটের জয়। ফাইনালটাকে একপেশে বানিয়ে শিরোপা জয়ের হ্যাটট্রিকই করে ফেলল অস্ট্রেলিয়ার মেয়েরা। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটা জেতায় ‘ডাবল’ও হয়ে গেল তাদের। গত বছরের ফেব্রুয়ারিতেই যে ওয়ানডে বিশ্বকাপটাও হাতে তুলেছিল অস্ট্রেলিয়া। ২০১০ ও ২০১২-এর চ্যাম্পিয়নরা ফেবারিট ছিল এবারও। ছয় ম্যাচের পাঁচটিতেই জয়, টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত খেলে অস্ট্রেলিয়া জানিয়ে দিল ফেবারিট তকমাটা তাদেরই মানায়।
টস জিতে ফিল্ডিং নেওয়া দলটি ম্যাচের প্রথম ৫৮ বল পর্যন্তই যা একটু অস্বস্তিতে ছিল। ১ উইকেটে ৫৫, ইংল্যান্ড হুমকি দিচ্ছিল বড় স্কোর গড়ার। ৫৯তম বলে সারা টেলরকে সারা কয়েট এলবিডব্লু করার পরই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় অস্ট্রেলিয়া। শেষ ১০ ওভারে মাত্র ৪৯ রান, ৮ উইকেট হারিয়ে ইংলিশরা করতে পারে ১০৫। ২৪ বলে ৩ চারে সর্বোচ্চ ২৯ রান হিদার নাইটের। ১৬ রানে ৩ উইকেট নেওয়া কয়েটই পরে হাতে তুলেছেন ম্যাচসেরার পুরস্কার। ম্যাচ শেষে জানালেন ভাইদের সঙ্গে খেলেই এসেছেন এই পর্যন্ত তিনি, ‘ভাইদের সঙ্গে অনেক ক্রিকেট খেলেছি। সেই খেলাটা আজ (গতকাল) কাজে লাগাতে পেরে খুব ভালো লাগছে। সব সময়ই আমি ডেথ ওভারে বল করি এবং সেটা নিয়ে গর্বিতও।’
কয়েটের বাঁ হাতের উল্কিটা সংবাদ সম্মেলনে দৃষ্টি কাড়ল সবারই। এক সাংবাদিকের কৌতূহলের জবাবে এর অর্থটাও জানিয়ে দিয়েছেন তিনি, ‘সেরা যোদ্ধা হওয়ার জন্য ঈশ্বর আমাদের সেরা যুদ্ধক্ষেত্রটাই দিয়েছেন।’
ইনিংসের প্রথম ওভারে মাত্র ২ রান তোলা অস্ট্রেলিয়া দ্বিতীয় ওভারে করে ১৪। এরপর আরও চার ওভারে দশের বেশি রান নেওয়া অস্ট্রেলীয় ব্যাটাররা ছয় মেরেছেন চারটি। ৩০ বলে ৪ চার ও ২ ছয়ে সর্বোচ্চ ৪৪ রান, দলের জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক মেগ ল্যানিং। জয় থেকে মাত্র ২ রান দূরে থেকে ল্যানিং আউট হয়ে গেলেও ৬০ রানের তৃতীয় উইকেটে জুটিতে তাঁর সঙ্গী এলিস পেরি (৩২ বলে ৩১) ফিরেছেন দলকে জিতিয়েই।
হ্যাটট্রিক শিরোপা জিতে স্বভাবতই উচ্ছ্বসিত অস্ট্রেলিয়ার অধিনায়ক ল্যানিং, ‘দলটা তরুণ হলেও কঠিন মুহূর্তে খেলার অভিজ্ঞতা আমাদের আছে। পুরো টুর্নামেন্টেই আমরা ভালো খেলেছি। আজ (গতকাল) তো কাজটা বোলাররাই করে দিয়েছে।’ ফাইনালে ইংল্যান্ডের মেয়েদের হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাটাকে (মেয়েদের) অ্যাশেজ হারের ক্ষত ভোলারও উপলক্ষ মনে হচ্ছে তাঁর কাছে।
অন্যদিকে ইংল্যান্ডের কাছে তিক্ত এক স্মৃতি হয়েই থাকবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ছেলেদের দলের ব্যর্থতার পর মেয়েরাও কেবল শিরোপার সুবাস নিয়েই ফিরে যাচ্ছে। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে তাই অধিনায়ক শার্লট এডওয়ার্ডস হতাশা নিয়েই বললেন, ‘খুবই বাজে পারফরম্যান্স। তবে অস্ট্রেলিয়াকে কৃতিত্ব দিতেই হবে। অনেক বেশি ভালো বল করেছে তারা। ব্যাট হাতে আমরা সেটির কোনো জবাবই দিতে পারিনি। শিরোপার আসল দাবিদার তারাই।’
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড: ২০ ওভারে ১০৫/৮ (নাইট ২৯, টেলর ১৮, এডওয়ার্ডস ১৩, জোন্স ১২; কয়েট ৩/১৬, পেরি ২/১৩, ফ্যারেল ২/২৭, ওসবোর্ন ১/২৪)। অস্ট্রেলিয়া: ১৫.১ ওভারে ১০৬/৪ (ল্যানিং ৪৪, পেরি ৩১*, জোনাসেন ১৫, ভিলানি ১২; স্কিভার ২/১২, গান ১/১৩, শ্রাবশোল ১/২৯)।
ফল: অস্ট্রেলিয়া ৬ উইকেট জয়ী।
প্লেয়ার অব দ্য ম্যাচ: সারা কয়েট (অস্ট্রেলিয়া)।
প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট: আনিয়া শ্রাবশোল (ইংল্যান্ড)।