মিরপুরে টস জিতলেন জর্জ বেইলি, প্রায় একই সময়ে সিলেটে টস জিতলেন মেগ ল্যানিং। বেইলির মতো অস্ট্রেলিয়া মহিলা দলের অধিনায়কও নিলেন ফিল্ডিং। মিল শেষটাতেও। ছেলেদের মতো হেরে গেছে অস্ট্রেলিয়ার মেয়েরাও। কাল সিলেটে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে গত দুবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৭ রানে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের মেয়েরা করে ৮ উইকেটে ১২৮ রান। অস্ট্রেলিয়ার মেয়েরা ৩ বল বাকি থাকতে ১২১ রানে অলআউট।
পাকিস্তানের ছেলেদের সঙ্গে মিলে যেতে পারতেন মেয়েরাও। কিন্তু পাকিস্তানের নারী দল দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেছে ৪৪ রানে। টস জিতে পাকিস্তান অধিনায়ক সানা মির ফিল্ডিং নিলেও তাঁর বোলাররা দক্ষিণ আফ্রিকার একটা উইকেটও ফেলতে পারেননি! দক্ষিণ আফ্রিকা বিনা উইকেটে করে ১৬৩ রান। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে যেকোনো উইকেটেই এটি সর্বোচ্চ। উদ্বোধনী জুটিতে ২০ ওভার ব্যাট করাটাও এই প্রথম। ১ ছক্কা, ৮ চারে লিজেল লি ৫৫ বলে করেন অপরাজিত ৬৭ রান। ১ ছয়, ১৩ চারে ৬৬ বলে অপরাজিত ৯০ রান করে ম্যাচসেরা ফন নিকার্ক। পাকিস্তান করতে পারে ৯ উইকেটে ১১৯ রান। নিদা দার ৩২, নাইন আবিদি ২৮ রান করেন।
অস্ট্রেলিয়ার মেয়েরা ১৪ রানেই হারায় ৩ উইকেট। চতুর্থ উইকেটে অ্যালিসা হিলি (৪১) ও অ্যালেক্স ব্ল্যাকওয়েলের (৩১) ৪৫ রানের জুটি জয়ের আশা জাগালেও তিন রানআউটে সব শেষ। নিউজিল্যান্ডের সর্বোচ্চ ৩১ রান কেটি পারকিন্সের। ব্যাটিংয়ে ১৯ বলে ২৯ আর বোলিংয়ে ১ উইকেট নিয়ে ম্যাচসেরা নিকোলা ব্রাউন। তথ্যসূত্র: ক্রিকইনফো।