অস্ট্রেলিয়ার রানের পাহাড়
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে জয়ের পর আজ তৃতীয় ম্যাচেও ব্যাট হাতে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটারেরা। দীর্ঘদিন পরে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফিরে দারুণ এক শতক করেছেন শেন ওয়াটসন। ডানহাতি এই ওপেনারের ১২২ ও ফিলিপ হিউজের ৮৬ রানের ইনিংস দুটির সুবাদে স্কোরবোর্ডে ৩২৯ রান জমা করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন সুনিল নারাইন ও ড্যারেন স্যামি।টসে জিতে ব্যাট করতে নেমে দারুণভাবে শুরু করেন দুই ওপেনার অ্যারন ফিঞ্চ ও শেন ওয়াটসন। উদ্বোধনী জুটিতে ৮৯ রান যোগ করে অস্ট্রেলিয়াকে শক্ত ভিত্তি গড়ে দেন এই দুই ব্যাটসম্যান। ১৬তম ওভারে এই জুটি ভাঙেন উইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামি। ৩৮ রান করে ফিরে যান ফিঞ্চ। দ্বিতীয় উইকেটে ১১২ রানের ঝোড়ো জুটি গড়ে আবারও দীর্ঘ সময় উইন্ডিজ বোলারদের হতাশায় পোড়ান ওয়াটসন ও ফিলিপ হিউজ। ৩৪তম ওভারে এই জুটি ভেঙে ক্যারিবীয় শিবিরে স্বস্তি ফেরান কেমার রোচ। ১১১ বলে ১২২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে সাজঘরে ফেরেন ওয়াটসন। শেষপর্যায়ে মাইকেল ক্লার্কের ১৫ ও জর্জ বেইলির ২২ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংসের সুবাদে স্কোরবোর্ডে ৩২৯ রান জমা করে অস্ট্রেলিয়া।