অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেন পাঁচ বছর আগের কেনসিংটন ওভাল। সেই একই রকম মরে আসা আলোয় অস্ট্রেলিয়ার লড়াই, প্রায় অন্ধকারে জয়োল্লাস। তবে সেবার ছিল রঙিন পোশাক, এবার সাদা!পাঁচ বছর আগে ছিল ২০০৭ বিশ্বকাপ ফাইনাল, অস্ট্রেলিয়ার টানা তৃতীয় বিশ্বকাপ জয়। পরশু শুধু একটা টেস্ট জয়, সেটাও র‌্যাঙ্কিংয়ের তলানিতে থাকা দলের বিপক্ষে। উল্লাসটা হলো তবু অনেকটা একই রকম। শুধু ওয়েস্ট ইন্ডিজ বা চতুর্থ ইনিংসে রান তাড়ার চাপ নয়, অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ছিল মন্থর উইকেট, বারবাডোজের মেঘকালো আকাশ আর আলোকস্বল্পতাও। এত কিছু জয় করাতেই অমন বাঁধনহারা উল্লাস। শেষ হচ্ছে না আসলে এতেও। অস্ট্রেলিয়ার জয়ের মাহাত্ম্য বুঝতে যেতে হবে আরেকটু পেছনে। প্রথম তিন দিনই ম্যাচের লাগাম ছিল ওয়েস্ট ইন্ডিজের হাতে। চতুর্থ দিনের শুরুতেই ড্র অথবা ক্যারিবীয়দের জয়—এই দুটিকেই মনে হচ্ছিল সবচেয়ে সম্ভাব্য ফল। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার দশম ব্যাটসম্যান যখন উইকেটে গেলেন, ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে ১৬৪ রানে। সেখান থেকে শেষ দুই জুটিতে ১২১ রান, ৪৩ রানে পিছিয়ে থেকে মাইকেল ক্লার্কের দূরদর্শী ও সাহসী ইনিংস ঘোষণা, দ্বিতীয় ইনিংসে বোলারদের দুর্দান্ত বোলিং, এরপর ম্যাচের শেষ সেশনের অসাধারণ রান তাড়া।দুই সেশনে অস্ট্রেলিয়ার লক্ষ্য ছিল কমপক্ষে ৬২ ওভারে ১৯২। তবে ৬২ ওভার স্রেফ হিসাবের খাতায়, আলোকস্বল্পতায় ৬২ ওভার হওয়া সম্ভব ছিল না মোটেও। অস্ট্রেলিয়ার লেগেছে ৪৭ ওভার। এতটা খেলা হতে পারল, সেটাও কম বিস্ময়কর নয়। আগের চার দিনই খেলা শেষ হয়েছে বিকেল ৫টার আশপাশে। শেষ দিনে হলো পৌনে ছয়টা পর্যন্ত! আইসিসির বর্তমান নিয়ম অনুযায়ী আলোর ব্যাপারে আম্পায়ারদের সিদ্ধান্তই চূড়ান্ত। রোমাঞ্চকর রান তাড়ার পাশাপাশি অস্ট্রেলিয়ানদের দুরু দুরু বুকে বারবার চোখ রাখতে হয়েছে আম্পায়ারদের দিকেও। রান তাড়াটা অনায়াস হতে পারত যাঁর ব্যাটে সেই ডেভিড ওয়ার্নার বড় কিছু করতে পারেননি। এড কাওয়ানের মন্থর ব্যাটিং আর আকাশের গুমোট চেহারায় মনে হচ্ছিল ড্র-ই বুঝি শেষ পরিণতি। চা-বিরতির সময় কাওয়ানের রান ছিল ৬১ বলে ১১! শেষ সেশনে ১৩১ রান তোলাটা মনে হচ্ছিল অসম্ভব। বিরতির পর ইনিংসটা গতি পেল ওয়াটসনের ব্যাটে, দারুণ খেলে ফিফটি তুলে নিলেন ৫৪ বলে। কাওয়ানও চেষ্টা করলেন খোলস ছেড়ে বেরোনোর।হঠাৎ দৃশ্যপটে দেওনারায়ণ। দলে ফেরায় বড় ভূমিকা ছিল বাইরে থাকা সময়টায় ব্যাটসম্যান থেকে অলরাউন্ডার হয়ে ওঠা। অফ স্পিনে প্রথমে ওয়াটসন, পরে টানা তিন ওভারে কাওয়ান-পন্টিং-ক্লার্ককে ফিরিয়ে জমিয়ে দিলেন ম্যাচ। প্রয়োজনের সময় আরও একবার অস্ট্রেলিয়ার ত্রাতা মাইক হাসি। মেঘের আড়াল থেকে একটু যেন উঁকি দিল সূর্য, হাসিও উজ্জীবিত হয়ে দেওনারায়ণকে গ্যালারিতে পাঠালেন দুবার। মি. ক্রিকেটের ২৬ বলে ৩২ অস্ট্রেলিয়াকে নিয়ে গেল জয়ের খুব কাছে। শেষের আগে আরেক দফা নাটক। জয় থেকে ৩ রান দূরে থাকতে বোল্ড হাসি। জয়সূচক রানটা এল যেন পুরো টেস্টের প্রতীকী হয়ে। রোচকে মিড অফে ঠেলেই হিলফেনহসের ছুট, পড়িমরি পৌঁছালেন ওপ্রান্তে। কিন্তু সরাসরি থ্রো লাগল স্টাম্পে, তৃতীয় আম্পায়ারের সবুজ বাতি ঘোষণা করল অস্ট্রেলিয়ার জয়! ওয়েবসাইট।