অস্ট্রেলিয়ার লক্ষ্য ১৫০ রান
সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন বাঁচিয়ে রাখতে আজ সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছে পাকিস্তান। বাঁচা-মরার এই লড়াইয়ে জয়ের জন্য অস্ট্রেলিয়াকে ১৫০ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে তারা। টসে হেরে ব্যাট করতে নেমে নাসির জামশেদ ও কামরান আকমলের ভালো ব্যাটিংয়ের সুবাদে নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে হাফিজ বাহিনী। ৪৬ বলে ৫৫ রান করেছেন নাসির। ৩২ রান এসেছে কামরান আকমলের ব্যাট থেকে। অস্ট্রেলিয়ার পক্ষে চার ওভার বল করে ২০ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক।টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা খুব ধীরগতিতে করেছিল পাকিস্তান। প্রথম ৬ ওভারে মাত্র ২৯ রান সংগ্রহ করতেই সাজঘরে ফিরেছিলেন দুই ওপেনার মোহাম্মদ হাফিজ ও ইমরান নাজির। তৃতীয় উইকেটে ৭৯ রানের চমত্কার এক জুটি গড়ে পাকিস্তানকে ভালো অবস্থানে নিয়ে যান নাসির জামশেদ ও কামরান আকমল। ১৫তম ওভারে এই জুটি ভেঙ্গে অসি শিবিরে স্বস্তি ফেরান জাভিয়ের ডোহার্টি। ৫৫ রান করে আউট হন নাসির। পরের ওভারে কামরান আকমলকেও সাজঘরমুখী করেন মিচেল স্টার্ক। শেষপর্যায়ে আবদুল রাজ্জাকের ২২ রানের ইনিংসটির সুবাদে নির্ধারিত ২০ ওভার শেষে স্কোরবোর্ডে ১৪৯ রান যোগ করে পাকিস্তান।