অস্ট্রেলিয়ার লক্ষ্য ১৯২ রান
ক্রিস গেইলের ঝোড়ো ইনিংসটির পর একই কায়দায় অর্ধশতক করেছেন মারলন স্যামুয়েলস। আর এই দুই ব্যাটসম্যানের ব্যাটিংয়ের সুবাদে জয়ের জন্য অস্ট্রেলিয়াকে ১৯২ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে গেইলের ৩৩ বলে ৫৪ রানের ইনিংসটির পর ৩২ বলে ৫০ রান করেছেন স্যামুয়েলস। অস্ট্রেলিয়ার পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন শেন ওয়াটসন ও মিচেল স্টার্ক।অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন স্যামি। দ্বিতীয় ওভারেই ওপেনার ডোয়াইন স্মিথের উইকেট হারিয়ে শুরুটা ভালো হয়নি তাঁদের। তবে অপর প্রান্তে ঝোড়ো ব্যাটিং অব্যাহত রেখে রানের চাকা বেশ ভালোমতোই ঘুরিয়েছেন ক্রিস গেইল। দ্বিতীয় উইকেটে চার্লসকে সঙ্গী করে যোগ করেন ৩৯ রান। ষষ্ঠ ওভারে ১৬ রান করে ফিরে যান জনসন চার্লস। তৃতীয় উইকেটে মারলন স্যামুয়েলসের সঙ্গে গেইলের জুটি যোগ করে ৪৬ রান। ১১তম ওভারের প্রথম বলে গেইলের উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়া শিবিরে স্বস্তি ফেরান শেন ওয়াটসন। ৩৩ বলে ৫৪ রান করে ফিরে যান এই বাঁহাতি ব্যাটসম্যান। এরপর গেইলের ভূমিকায় অবতীর্ণ হন মারলন স্যামুয়েলস। মাত্র ৩২ বলে তিনি করেন ৫০ রান। শেষপর্যায়ে ডোয়াইন ব্র্যাভোর ২৭ রানের ইনিংসটির সুবাদে স্কোরবোর্ডে ১৯১ রান জমা হয় উইন্ডিজের।