
সিরিজের তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার সামনে ২৪৪ রানের টার্গেট দিয়েছে ইংল্যান্ড। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে প্রথমে ব্যাট করা ইংল্যান্ড অবশ্য এই লক্ষ্যের জন্য ধন্যবাদ দেবে টেলএন্ডার টিম ব্রেসনান ও ক্রিস জর্ডানকে। ব্রেসনানের ব্যাট থেকে ৪১ রান আর জর্ডান ১০ রান না করলে অস্ট্রেলিয়া অবশ্য পেতে পারত আরও সহজ লক্ষ্য। ১৯৮ রান তুলতেই ৮ উইকেট পড়ে যাওয়া ইংলিশদের স্কোরটা ২৪৩-এ পৌঁছে কেবল নবম ও দশম উইকেটে দুটি ছোট্ট অথচ কার্যকর জুটির কল্যাণে।
ইংল্যান্ডের শুরুটা কিন্তু একেবারে মন্দ ছিল না। অ্যালিস্টার কুক ও ইয়ান বেলের উদ্বোধনী জুটি আট ওভারের মধ্যেই দলের স্কোর ৫০ ছুঁইয়ে ফেলে। কুক ব্যক্তিগত ৩৫ রানে আউট হওয়ার পর বেল ফেরেন দলীয় ৭০ রানে (ব্যক্তিগত ২৯ রানে)। এরপর অবশ্য চতুর্থ উইকেটে গ্যারি ব্যালেন্স ও এউইন মর্গানের মধ্যে ৩০ রানের জুটি আর পঞ্চম উইকেটে রবি বোপারা ও মর্গানের মধ্যে ৫৬ রানের দুটি ভালো জুটি গড়ে উঠলে ইংলিশরা বিপদ সামলে ওঠে। তবে এর পরের ব্যাটসম্যানেরা নিয়মিত বিরতিতে প্যাভিলিয়নের পথে হাঁটায় দলীয় স্কোরটাকে শক্ত বুনিয়াদের ওপর দাঁড় করাতে পারেনি কুক-বাহিনী। শেষ দিকে ব্রেসনানের ৪১ রান তাই শেষ অবধি খুব গুরুত্বপূর্ণ হিসেবেই বিবেচিত হচ্ছে।
অস্ট্রেলিয়ার পক্ষে আজ দারুণ বোলিং করেছেন নাথান কাউল্টার নিল। ৪৭ রানে তিনি তুলে নিয়েছেন ৩ উইকেট। এ ছাড়া জেমস ফালকনার (২/৩৫) আর ড্যানিয়েল ক্রিস্টিয়ানও (২/৫২) ইংলিশদের কম ভোগাননি। সূত্র: ক্রিকইনফো।