অস্ট্রেলিয়ার লাল কার্ড অভিশাপ
‘লাল’ শব্দটি কতভাবেই না ব্যবহূত হয়। তবে ফুটবলের মাঠে এর ব্যবহার একটাই—রেফারির হাতে খেলোয়াড় খুনের অস্ত্র। খুনই তো! পরশু রাতে অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড হ্যারি কেওয়েল বললেন তা-ই, ‘রেফারি আমার বিশ্বকাপ হত্যা করেছে।’প্রথম ম্যাচে জার্মানির কাছে ০-৪ গোলে বিধ্বস্ত হলেও পরশু ঘানার বিপক্ষে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ড্র (১-১) করে মাঠ ছেড়েছে অস্ট্রেলিয়া। তবে ম্যাচ শেষে এই ফল নিয়ে কথাবার্তা কমই হলো। কথা যা হলো, তার সবই প্রায় ২৪ মিনিটে পাওয়া কেওয়েলের লাল কার্ড প্রসঙ্গে। ফিফার আইন, রেফারিং নিয়ে মুখ খোলা যাবে না। কিন্তু সব সময়ই যে এটা মানা যায় না! আইনের চোখরাঙানি বন্ধ রাখতে পারেনি কেওয়েলের মুখও।কেওয়েল একা নন, হতাশ কোচ পিম ভারবিকও। কেওয়েলের কথা, রেফারির শাস্তিটা তাঁর মোটেও পছন্দ হয়নি। তিনি বলটি ইচ্ছে করে হাতে লাগাননি। বুক দিয়ে থামাতে গিয়েই অসাবধানতায় বলটি লেগে যায় তাঁর হাতে।বলেছেন, ‘রেফারির এই সিদ্ধান্তে আমি সত্যিই হতাশ। এটা সম্ভবত বিশ্বকাপ থেকেই আমাদের ছিটকে ফেলেছে।’ ইনজুরির কারণে প্রথম ম্যাচ মিস করা এই স্ট্রাইকার নিজের সম্পর্কেও বলেছেন একই কথা, ‘রেফারি আমার বিশ্বকাপ হত্যা করেছে।’ কেন হতাশ, তার ব্যাখ্যায় বলেছেন, ‘আমি ইচ্ছে করে হাত দিয়ে বল ঠেকাতে চাইনি। আমি আমার বুক ব্যবহার করার চেষ্টা করেছিলাম। কিন্তু রেফারি এটা অন্যভাবে দেখল এবং সম্ভবত তিনি একমাত্র রেফারি যিনি এ রকম করলেন।’দলের পারফরম্যান্সে খুশিই অস্ট্রেলিয়ান কোচ পিম ভারবিক, ‘পারফরম্যান্স এবং টিম স্পিরিট দুটোই খুব ভালো ছিল। ছেলেরা সর্বোচ্চটা ঢেলেই লড়াই করেছে। ছেলেদের নিয়ে আমি গর্বিত, এখনো আমরা রেসে আছি।’ অস্ট্রেলিয়ার মিডিয়াও দলের প্রশংসায় পঞ্চমুখ।কিন্তু তাঁর এই খুশি মিলিয়ে গেছে টানা দ্বিতীয় ম্যাচে লাল কার্ড প্রাপ্তিতে। কেওয়েলেরই প্রথম লাল কার্ড দেখা নয়। জার্মানির বিপক্ষে প্রথম ম্যাচেই লাল কার্ড দেখেন দলের প্রাণভোমরা টিম কাহিল। এবং ম্যাচ শেষে কাহিলও বলেছিলেন, ‘লাল কার্ড একটু বেশিই হয়ে গেছে। বড় জোর হলুদ কার্ড পেতে পারতাম।’ কাহিলের পর কেওয়েলের লাল কার্ড, ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে সেই ক্ষোভটা ঝেড়েছেনও অস্ট্রেলিয়ান কোচ, ‘আমি টেলিভিশনে বারবারই ঘটনাটি দেখেছি। আমি মনে করি, এটা কোনোভাবেই লাল কার্ড হতে পারে না। কোনো সন্দেহ নেই এটা হ্যান্ডবলই ছিল। রেফারি যদি শুধু পেনাল্টি দিত, আমি ধন্যবাদই জানাতাম তাকে। কিন্তু লাল কার্ডটা বাড়াবাড়ি।’ কোচের প্রশ্ন, ‘ও সময় বাহুটাকে কী করতে পারতেন আপনি? চাইলেই তো আর এটা কেটে ফেলতে পারেন না!’উল্লেখ্য, ২০০৬ বিশ্বকাপেও রেফারির ভুল সিদ্ধান্তের ফসল হিসেবে দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে পড়তে হয় অস্ট্রেলিয়াকে। ম্যাচে হঠাৎ করেই ইতালির পক্ষে পেনাল্টির বাঁশি বাজিয়ে দেন রেফারি। টেলিভিশন রিপ্লেতে যা ভুলই প্রমাণিত হয়। এবারও তা-ই। কাহিল, কেওয়েলের অভিযোগের পক্ষেই টেলিভিশন রিপ্লে। তবে কি অস্ট্রেলিয়া-বধে একাট্টা রেফারিরা, নাকি তাদের ভাগ্যটাই এমন! ওয়েবসাইট।