অস্ট্রেলিয়ার সিরিজ জয়
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা তৃতীয় ওয়ানডে জিতে সিরিজ জয় নিশ্চিত করল স্বাগতিক অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটা অসিরা জিতেছে দুই ম্যাচ বাকি থাকতে। আজ তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়া পেয়েছে ৩৯ রানের জয়। ৩৩০ রানের দুরূহ লক্ষ্য তাড়া করতে নেমে ১৫ বল বাকি থাকতে ২৯০ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।উদ্বোধনী জুটিতে ৫৪ রান যোগ করে শুরুটা ভালোভাবেই করেছিলেন দুই ক্যারিবীয় ওপেনার কাইরন পাওয়েল ও ডেভন থমাস। নবম ওভারে প্রথম উইকেটের পতন ঘটে ওয়েস্ট ইন্ডিজের। ১৯ রান করে ফিরে যান থমাস। এরপর রানের গতি কমে যায় অনেকখানি। পরে ৮ ওভারে মাত্র ২৭ রান যোগ করতে পেরেছিলেন পাওয়েল ও ড্যারেন ব্রাভো। ৪৯ বলে ৪৭ রানের লড়াকু ইনিংস খেলে ১৭তম ওভারে সাজঘরে ফেরেন পাওয়েল। তৃতীয় উইকেটে ১১৪ রানের চমত্কার জুটি গড়ে দলকে জয়ের পথে ভালোভাবেই এগিয়ে নিচ্ছিলেন দুই ভাই ড্যারেন ব্রাভো ও ডোয়াইন ব্রাভো। ৩৫তম ওভারে এই জুটি ভাঙতে সক্ষম হন মিচেল স্টার্ক। ৫১ রান করে আউট হন ডোয়াইন ব্রাভো। এরপর খুব দ্রুত ক্রিস গেইল, ড্যারেন ব্রাভো ও কাইরন পোলার্ড সাজঘরে ফিরলে হার প্রায় নিশ্চিতই হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের। ফাল্কনারের শিকারে পরিণত হয়ে সাজঘরে ফেরার আগে ৮৬ রানের লড়াকু ইনিংস খেলেছেন ড্যারেন ব্রাভো। শেষপর্যায়ে আন্দ্রে রাসেলের খেলা ৩১ বলে ৪৩ রানের ইনিংসটা হারের ব্যবধানটাই শুধু কমাতে পেরেছে।