অস্ট্রেলিয়ার সিরিজ জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃপ্তির এক জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিল অস্ট্রেলিয়া। কাল শারজায় তৃতীয় ওয়ানডেতে অসিরা পাকিস্তানকে হারিয়েছে ৩ উইকেটে। মাইক হাসি ও গ্লেন ম্যাক্সওয়েলের ধৈর্যশীল ব্যাটিং বিপর্যয়ের মুখেও অস্ট্রেলিয়াকে এনে দেয় দুর্দান্ত এক জয়। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে পাকিস্তানের সংগৃহীত ২৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৫৯ রানেই ৫ উইকেট হারিয়ে বিপদে ছিল অস্ট্রেলিয়া। কিন্তু মাইক হাসির ৬৫ ও গ্লেন ম্যাক্সওয়েলের ৫৬ রান অস্ট্রেলিয়াকে সেই বিপদ থেকে উদ্ধার করে ১৮ বল বাকি থাকতেই এনে দেয় এই জয়।টসে হেরে ব্যাট হাতে মাঠে নেমে শুরুটা দারুণ করে পাকিস্তান। উদ্বোধনী জুটিতে ‘প্রফেসর’ মোহাম্মদ হাফিজ ও নাসির জামশেদ অস্ট্রেলীয় বোলিং আক্রমণকে ভোঁতা করে দিয়ে অবিস্মরণীয় এক জুটি গড়েন। ১২৯ রান ওঠা উদ্বোধনী জুটি ভাঙেন মিচেল জনসন। ব্যক্তিগত ৪৮ রানে ম্যাথু ওয়েডের হাতে ধরা পড়েন আগের ম্যাচে দারুণ এক ইনিংস খেলা নাসির জামশেদ। কাল শহীদ আফ্রিদি তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করে মাত্র ৭ রানে সেই মিচেল জনসনের বলে গ্লেন ম্যাক্সওয়েলের হাতে ধরা পড়ে প্যাভিলিয়নে ফেরেন। উদ্বোধনী জুটি ভেঙে যাওয়ার পরপরই মূলত মড়ক লাগে পাকিস্তানের ইনিংসে। ১২৯ রানে প্রথম উইকেটের পতন হওয়া পাকিস্তান একপর্যায়ে পরিণত হয় ১৮৫/৫-এ। মোহাম্মদ হাফিজও আউট হয়ে যান ৭৮ রানে। হাফিজ ১৫৫ মিনিট ব্যাট করেন ৯৭ বল খেলে। তাঁকে প্যাভিলিয়নে ফেরান মাইকেল ক্লার্ক। হাফিজ ও জামশেদের পর মিসবাহ-উল হক ৩৫, আসাদ শফিক ২৭, আজহার আলী ২৭ রান করেন। কিন্তু এই তিন ব্যাটসম্যানই চাহিদার তুলনায় দ্রুত রান তুলতে ব্যর্থ হওয়ায় পাকিস্তানের স্কোর বেশিদূর এগোয়নি। ইনিংসের শেষের দিকে ১২ রানে অপরাজিত থাকেন আবদুর রেহমান। অস্ট্রেলিয়ার সেরা বোলার ছিলেন মিচেল স্টার্ক। তিনি ৫১ রানে দিয়ে নেন ৪ উইকেট। এ ছাড়া মিচেল জনসন ৩৩ রানে ২টি ও মাইকেল ক্লার্ক মাত্র ২ ওভার বল করে ৩ রানে ১টি উইকেট দখল করেন।জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার শুরুটা পাকিস্তানের মতো দুর্দান্ত ছিল না। ৪৪ রানে প্রথম উইকেটের পতন হয় অস্ট্রেলিয়ার। ফিরে যান ডেভিড ওয়ার্নার। এরপর ৮৮ রানে ফেরেন মাইকেল ক্লার্ক। দলীয় রান ১০৫ হতেই ডেভিড হাসি (৪৩) পরিণত হন সাঈদ আজমলের শিকারে। ওয়ার্নারকে ফেরান আবদুর রেহমান, মাইকেল ক্লার্কও আউট হন সেই সাঈদ আজমলের বলে। আজমল ডেভিড বেইলিকে উইকেটরক্ষক কামরান আকমলের ক্যাচে পরিণত করলে বিপর্যয়ে পড়ে যায় অস্ট্রেলিয়া। আবদুর রেহমানের বলে ম্যাথু ওয়েড আউট হলে ম্যাচ প্রায় পুরোটাই ঝুঁকে পড়ে পাকিস্তানের দিকে।এমন একটি পরিস্থিতির জন্য যেন অপেক্ষায় ছিলেন মাইক হাসি। তিনি খেলেন ৭২ বলে ৬৫ রানের এক দারুণ ইনিংস। তাঁকে চমত্কার সঙ্গ দেন গ্লেন ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েলের ব্যাট থেকে আসে মাত্র ৩৮ বলে ৫৬ রান। বিপর্যয়ের মুখে মাইক হাসি অস্ট্রেলিয়ার জয়ের ভিত গড়ে দিলেও মূলত ম্যাক্সওয়েলই দলকে তুলে দেন বিজয়ী মঞ্চে। পাকিস্তানি বোলারদের মধ্যে এই সিরিজের অন্য দুটি ম্যাচের মতোই সফল ছিলেন স্পিনাররা। সাঈদ আজমল ৩৭ রানে নেন ৩ উইকেট। এ ছাড়া আবদুর রেহমান ৪১ রানে ২ এবং পেসার জুনায়েদ খান ৪২ রানে দখল করেন ২ উইকেট।সংক্ষিপ্ত স্কোরপাকিস্তান ২৪৪/৭ (৫০ ওভার)মোহাম্মদ হাফিজ ৭৮, নাসির জামশেদ ৪৮মিচেল স্টার্ক ৪/৫১. মিচেল জনসন ২/৩৩অস্ট্রেলিয়া ২৫০/৭ (৪৭ ওভার)মাইক হাসি ৬৫, গ্লেন ম্যাক্সওয়েল ৫৬, ডেভিড হাসি ৪৩সাঈদ আজমল ৩/৩৭, আবদুর রেহমান ২/৪১, জুনায়েদ খান ২/৪২ফল: অস্ট্রেলিয়া ৩ উইকেটে জয়ী । তথ্যসূত্র: রয়টার্স।