অস্ট্রেলিয়ার ‘মার্শ’ টনিক
শেফিল্ড শিল্ডের ৪ ম্যাচে ৫৯.১৪ গড়ে ৪১৪। বিগ ব্যাশ টি-টোয়েন্টির ৪ ম্যাচে ৬৭.৩৩ গড়ে ২০২ রান, স্ট্রাইক রেট ১৫৬.৫৮। ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টে ৫ ম্যাচে একটি করে সেঞ্চুরি ও ফিফটি। এর আগে যে কয়টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, খারাপ করেননি মোটেও। তবু শন মার্শকে বিশ্বকাপ দলে রাখার যোগ্য মনে করেননি অস্ট্রেলিয়ার নির্বাচকেরা। মাইক হাসি খেলতে না পারলে নেওয়া হবে, এই আশ্বাস অবশ্য দেওয়া হয়েছে। মার্ক নিকোলাস প্রসঙ্গটি পাড়তেই লাজুক হাসি দিলেন জিওফ মার্শের বড় ছেলে। যে হাসির মানে হতে পারে, ‘দেখিয়েই তো দিলাম, মুখে আর কী বলব!’কী দেখালেন মার্শ? উইকেটে একটু সুইং-বাউন্স ছিল, তাতেই অস্ট্রেলিয়ার টপ অর্ডারের অবস্থা লেজেগোবরে। হাঁসফাঁস করতে করতে বল স্টাম্পে টেনে আনলেন আগের ম্যাচের বীর ‘ওয়াটসন’, ভুলে যাওয়ার মতো শট খেলে আউট হলেন হাডিন-ক্লার্ক-ডেভিড হাসি। ১৩তম ওভারে মার্শ যখন উইকেটে গেলেন, দলের রান ৪ উইকেটে ৩৩! তিনি ব্যাটিং শুরু করতেই যেন হারিয়ে গেল উইকেটের জুজু। অসাধারণ এক সেঞ্চুরিতে দলকে এনে দিলেন লড়ার মতো স্কোর। ইংল্যান্ডের জন্য সেটাই হয়ে গেল দূরতিক্রম্য।বলতে হবে আরেকজনের কথাও। পঞ্চম উইকেটে মার্শের সঙ্গে ঠিক ১০০ রানের জুটির পর ফিরে যান ক্যামেরন হোয়াইট। ৬ রানের মধ্যে নেই আরও ৩ উইকেট, অস্ট্রেলিয়ার তখন দেড় শ হবে কি না শঙ্কা। ব্যাটিং-প্রতিভা দেখানোর জন্য এই সময়টাকেই বেছে নিলেন ডগ বলিঞ্জার। এমন তিনটি কভার ড্রাইভ খেললেন যে ধারাভাষ্যকারেরা মার্শ ভেবে ভুল বুঝলেন। বলিঞ্জার যখন উইকেটে গেলেন, মার্শের রান ছিল ৫৯। ভরসা পেয়ে চোখের পলকে ছুঁয়ে ফেললেন তিন অঙ্ক। ইয়ার্ডির টানা তিন বলে দুটো চার ও এক ছয়ে ছুঁয়ে ফেলেন সেঞ্চুরি। দুজনই করেছেন ক্যারিয়ার-সেরা রান, নবম উইকেটে ৮৮ রানের জুটি অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা। পরপর দুই বলে আউট হয়েছেন দুজন, কিন্তু ১৪২ রানে ৮ উইকেট হারানো দল ততক্ষণে পেয়ে গেছে ২৩০ রানের পুঁজি।বলিঞ্জার পরে বল হাতে পেয়েছেন চার উইকেট। ম্যাট প্রিয়রের (০) ওয়ানডে প্রত্যাবর্তনকে তিক্ততায় ভরিয়ে দিয়েছেন ব্রেট লি। তবে এমন জয়ের মাঝেও অস্ট্রেলিয়ার দুশ্চিন্তা বাড়িয়েছেন শন টেইট ও নাথান হরিজ। চোট পেয়ে মাঠ ছেড়েছেন দুজন। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া: ৪৮.৪ ওভারে ২৩০ (মার্শ ১১০, হোয়াইট ৪৫, বলিঞ্জার ৩০; ট্রেমলেট ৩/২২, শেহজাদ ৩/৪৩, ব্রেসনান ২/৩৭, ইয়ার্ডি ২/৬১)। ইংল্যান্ড: ৪৫ ওভারে ১৮৪ (ট্রট ৩২, বেল ৩২, ইয়ার্ডি ২২, মরগান ২১, স্ট্রাউস ১৯, ব্রেসনান ১৯, ট্রেডওয়েল ১৬; বলিঞ্জার ৪/২৮, লি ২/৩৯, স্মিথ ১/৫, ওয়াটসন ১/৩২)। ফল: অস্ট্রেলিয়া ৪৬ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: শন মার্শ।