মাইকেল ভনও আর আস্থা রাখতে পারছেন না এই ইংল্যান্ড দলের ওপর। লজ্জাজনক-ভাবে আগের চারটি টেস্ট হারা ইংল্যান্ড শেষ টেস্টে অবিশ্বাস্য কিছু করে ঘুরে দাঁড়াবে এমন বিশ্বাস তাঁর নেই। ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ-এ কলামে ইংল্যান্ডের সাবেক অধিনায়কের স্পষ্ট কথন, ‘কাজটা সহজ নয়। একই দল রেখে ইংল্যান্ড ঘুরে দাঁড়াতে পারবে না। বোঝা অনেক বেশি হয়ে গেছে এদের, এরা ক্ষতবিক্ষত।’
চেষ্টা যে একেবারে করেনি ইংল্যান্ড, তা নয়। এরই মধ্যে ১৫ জন খেলোয়াড়কে ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো হয়েছে আগের চার টেস্টে। কাল ভোর থেকে শুরু শেষ টেস্টে হয়তো বদলে যাবে আরও কিছু মুখ। কিন্তু তাতে আদৌ কোনো লাভ হবে? ৫-০ ব্যবধানে সিরিজ হারা ইতিহাসের তৃতীয় ইংল্যান্ড দল না হয়ে ফিরে যেতে পারবেন অ্যালিস্টার কুকরা?
প্রতিপক্ষ যখন ব্যস্ত শেষ সম্মানটুকু বাঁচানোর এই আপ্রাণ চেষ্টায়, তখন ফুরফুরে মেজাজে ‘মাইকেল ক্লার্ক অ্যান্ড কোং’। অ্যাশেজ ইতিহাসের অন্যতম সেরা প্রত্যাবর্তনের গল্প লিখে ভস্মাধার পুনরুদ্ধার করা গেছে। ব্রিসবেন থেকে মেলবোর্ন—বদলায়নি অস্ট্রেলিয়ার একাদশ, বদলায়নি কোনো ম্যাচের ফল। কিন্তু ঠিক মুহূর্তে কিছুটা চোটের সমস্যা আছে অলরাউন্ডার শেন ওয়াটসন আর পেসার রায়ান হ্যারিসের। সেই চোট সিডনির ‘মিশন হোয়াইটওয়াশ’ থেকে এ দুজনের নাম কেটে দেবে কি না, তা নিশ্চিত নয় এখনো। তবে খুব বড় কোনো সমস্যা বা ঝুঁকি না থাকলে অপরিবর্তিত দল নিয়েই কাল মাঠে নামতে চান অস্ট্রেলিয়ান অধিনায়ক, ‘যদি একান্তই বদলাতে হয় তাহলেই আমরা সেটা করব। কিন্তু যদি আমরা একই দল নিয়ে সিডনিতে জিততে পারি তাহলে পাঁচটা টেস্ট একত্রে খেলা হবে আমাদের। আমার মনে হয় সেটা হবে এক অসাধারণ অনুভূতি।’ ইতিহাস ঘেঁটে দেখা যাচ্ছে, প্রায় একই অস্ট্রেলিয়া দল পুরো সিরিজে খেলে অসাধারণ জয়ের সাক্ষী হয়েছে আর এর আগে মাত্র দুবার। ১৯৮৯ সিরিজের ছয় টেস্টে মাত্র একজন খেলোয়াড় বদলে অ্যালান বোর্ডারের দল ৪-০ ব্যবধানে অ্যাশেজ জিতেছিল ইংল্যান্ডের মাটিতে। ১৯৯৫ সালে মার্ক টেলরের অপরিবর্তিত অস্ট্রেলিয়া ২-১ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে ক্যারিবিয়ানে হারিয়েছিল চার টেস্টের সিরিজে!
না বদলাতে চাওয়া এই অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়ে নিজেদের বদলানোর শেষ চেষ্টা করবে ইংল্যান্ড। আগের চার টেস্টে খেলা ১৫ জনের সঙ্গে সিডনি টেস্টের আগে তাই এসেছে গ্যারি ব্যালান্স, স্কট বর্থউইক আর স্টিভেন ফিনের নাম। তবে কাল এঁদের মধ্যে কে দলে আসছেন, সেটা নিশ্চিত হয়নি।
ঐতিহ্যগতভাবে সিডনির উইকেট স্পিনবান্ধব বলে ধারণা থাকলেও হোয়াইটওয়াশের স্বপ্নে বিভোর অস্ট্রেলিয়ার মূল অস্ত্র এখানেও হতে পারেন মিচেল জনসন। চার টেস্টে ৩১ উইকেট পাওয়া অস্ট্রেলিয়ান পেসার আর ৯ উইকেট পেলেই হবেন এক অ্যাশেজে ৪০ কিংবা তার বেশি উইকেট পাওয়া চতুর্থ অস্ট্রেলিয়ান। এখন পর্যন্ত এ কৃতিত্ব কেবল টেরি অ্যাল্ডারম্যান, রডনি হগ আর শেন ওয়ার্নের। এঁদের মধ্যে একমাত্র ওয়ার্নই কীর্তিটা গড়েছেন পাঁচ টেস্টের সিরিজে।
শেষ টেস্টে কি কিংবদন্তি অস্ট্রেলিয়ান স্পিনারের পাশে নিজের নামটা তুলতে পারবেন জনসন? এএফপি, রয়টার্স, ওয়েবসাইট।