এখন কি একটু আক্ষেপ হচ্ছে মাইকেল ক্লার্কের?সাধারণ ভাবনায় এটাই হওয়ার কথা। পুরো এক দিন ও প্রায় এক সেশন বাকি থাকতেই ম্যাচ জিতে গেল দল। আরও কিছুক্ষণ ব্যাটিং করলেও পারতাম, মনে এই ভাবনা উঁকি দিতেই পারে। তবে ক্লার্ক যে ‘সাধারণ’ থেকে নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়!দুই মাস আগে কেপটাউনের উইকেট-বৃষ্টির সেই টেস্টে ১৫১ রানের যে ইনিংসটি খেলেছিলেন, আধুনিক ক্রিকেটের সেরা ইনিংসগুলোর ছোট্ট তালিকাতেও থাকবে সেটি। কিন্তু ম্যাচ শেষে ক্লার্ক বলেছিলেন, ‘দল হেরেছে, এই ইনিংসের কোনো মূল্য নেই আমার কাছে।’ সিডনিতে তাই দলের জয়ের কথা ভেবে নিজের অমরত্বের হাতছানিকে উপেক্ষা করেছেন। দলের এমন জয়ের পর ওসব ব্যক্তিগত আক্ষেপ পাত্তা পাওয়ার কথা নয়। নিশ্চিত থাকতে পারেন, কালকের সবচেয়ে তৃপ্ত ব্যক্তিটির নাম ক্লার্ক!ব্যাটিংয়ে কাল কিছুটা লড়াই করেছে ভারত, তবে শেষ পর্যন্ত জুটেছে ইনিংস পরাজয়ই। দেশের বাইরে সর্বশেষ ৬ টেস্টের ৩টিতেই হারল ইনিংস ব্যবধানে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংস পরাজয় গত ১২ বছরে প্রথম, সব মিলিয়ে দশম আর সিডনিতে তৃতীয়বার। সইতে হলো দেশের বাইরে টানা ৬ টেস্ট পরাজয়ের যন্ত্রণাও। অস্ট্রেলিয়ায় পা রেখেছিল তারা প্রথম টেস্ট সিরিজ জয়ের প্রত্যাশা নিয়ে। আট দিন মাঠের লড়াইয়ের পর সেই আশা উবে গেছে। উল্টো মহেন্দ্র সিং ধোনির দল এখন ইংল্যান্ডের মতোই ধবলধোলাই হওয়ার শঙ্কায়! ভারতের হতাশার ষোলোকলা পূর্ণ হয়েছে আরও একবার খুব কাছে গিয়েও শচীন টেন্ডুলকারের শততম সেঞ্চুরিটা না হওয়ায়। কাল সকালে যেমন খেলেছিলেন, আবারও মনে হচ্ছিল এবার হচ্ছেই...। কিন্তু এই ম্যাচ যে ক্লার্কের ম্যাচ! টেন্ডুলকারের উইকেট সব সময়ই মহামূল্য, লক্ষ্মণের সঙ্গে কাল তাঁর ১০৩ রানের জুটিটাও অস্ট্রেলিয়ার জন্য হুমকি হয়ে উঠছিল। টেন্ডুলকারকে ৮০ রানে ফিরিয়ে সিডনি টেস্টটাকে ক্লার্কের টেস্ট হিসেবে অমরত্ব দেওয়াটা নিশ্চিত করলেন ক্লার্কই।একজন অবশ্য খানিকটা আপত্তি জানাতে পারেন। গত অ্যাশেজের পর বাতিলের খাতায় চলে যাওয়া বেন হিলফেনহস ফেরার পর যা করছেন, তাতে আলাদা করে উল্লেখের দাবি করতেই পারেন। ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট পেতে অপেক্ষা করতে হয়েছিল ১৮ টেস্ট, দ্বিতীয়টি এল পরের টেস্টেই! কাল লক্ষ্মণকে যে ইনসুইঙ্গারে বোল্ড করলেন, সেটি সম্ভবত সিরিজেরই সেরা বল। ম্যাচে ৮ আর সিরিজে ২ টেস্টে ১৫ উইকেট হয়ে গেল ‘হিলফি’র, অথচ গত অ্যাশেজে ৪ টেস্টে নিয়েছিলেন ৭ উইকেট!রবিচন্দ্রন অশ্বিনের ব্যাটিং-প্রতিভায় মুগ্ধ হওয়ার চেয়ে বোলিং-ব্যর্থতাই হয়তো বেশি ভাবাবে ধোনিকে। আগের তিন ইনিংসে ৫ রান করা লক্ষ্মণ আর ৩ ইনিংসে ১৬ রান করা গম্ভীরের রানে ফেরা অবশ্য স্বস্তি দেবে ভারতকে। চোটের কারণে সিরিজের বাকি দুই টেস্টে জেমস প্যাটিনসনের না খেলতে পারা কতটা স্বস্তি দেবে বলা মুশকিল। অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জন ইনভেরারিটি বললেন, পার্থে এমনিতেই বিশ্রাম দেওয়া হতো প্যাটিনসনকে। তা ছাড়া তাঁর জায়গায় যে ফিরছেন রায়ান হ্যারিস! চোট না থাকলে এই বোলিং আক্রমণের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তাঁরই। পার্থে সর্বশেষ টেস্টে ৯ উইকেট নিয়ে গুঁড়িয়ে দিয়েছিলেন ইংলিশদের।ভারতকে স্বস্তি দেবে দেশের বাইরে আট টেস্ট পর ৪০০ ছোঁয়াও। এখানেই জয় ক্লার্কের দূরদর্শিতার। ব্যাটিং উইকেটে ভারতের ১০ উইকেট তুলে নেওয়া সহজ হবে না জেনেই না নিজের সম্ভাব্য অর্জনকে বলি দিয়েছিলেন। জয় তাই ব্যক্তি ক্লার্কেরও, সিডনি টেস্ট সবদিক থেকেই ক্লার্কের টেস্ট!