অস্ট্রেলিয়ায় ক্যাম্প করতে চান জার্গেনসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেন জার্গেনসেন
শেন জার্গেনসেন

ছুটি কাটিয়ে তাঁর বাংলাদেশে ফেরার কথা ছিল আরও আগেই। কিন্তু জাতীয় দলের ক্যাম্প শুরু না করে বিসিএল শুরুর উদ্যোগ সুযোগ করে দেয় আরও কয়েকটা দিন পরিবারের সঙ্গে কাটানোর। সেই বাড়তি সময়টা কাটিয়ে পরশু ঢাকা ফিরেছেন শেন জার্গেনসেন। ফিরে কাল সকালে অবরোধের মধ্যেই গাড়ি নিয়ে চলে এলেন বিকেএসপিতে। ঘুরে ঘুরে দেখলেন বিসিএলের দুটি ম্যাচই।

পূর্বপরিকল্পনা অনুযায়ী এখন ২৩-২৪ জন ক্রিকেটার নিয়ে মিরপুরে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প করার কথা ছিল জার্গেনসেনের। সেটা না করে এই বিকেএসপিতে গিয়ে খেলা দেখাটাই জাতীয় দলের কোচের কাছে বেশি উপভোগ্য মনে হলো, ‘এই টুর্নামেন্টটা না হলে আমি হয়তো এখন মিরপুরে ২৪ জন ক্রিকেটারকে নিয়ে অনুশীলনে ব্যস্ত থাকতাম। কিন্তু সেটা হলে এই যে ম্যাচের প্রতিদ্বন্দ্বিতা বা এখানে যে অনুশীলনটা হচ্ছে সেটা পেত না ছেলেরা।’ মিরপুরের কোচিং ক্লাসের চেয়ে তাঁর বিসিএলের মতো ঘরোয়া টুর্নামেন্ট পছন্দ করার আরেকটা কারণও আছে, ‘একদমই কোনো খেলা না হওয়ার চেয়ে এ রকম টুর্নামেন্ট হওয়া ভালো। জাতীয় দলের পরের ধাপের খেলোয়াড়দের দেখার এর চেয়ে ভালো উপায় আর নেই। সঙ্গে দেশের সেরা খেলোয়াড়েরাও খেলছে। এ রকম টুর্নামেন্ট নিয়মিতই হওয়া উচিত।’

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী চার-পাঁচ মাস বাংলাদেশ দলের সামনে শুধুই ক্রিকেট আর ক্রিকেট। শ্রীলঙ্কা সিরিজ, এশিয়া কাপ, এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১৮ জানুয়ারি শুরু বিসিএলের দ্বিতীয় পর্বের ম্যাচ শেষে আগামী ২৩-২৪ জানুয়ারি থেকে সামনের এই আসরগুলোর জন্য জাতীয় দলের অনুশীলন ক্যাম্প শুরু করবেন জার্গেনসেন।

অবশ্য এসব সিরিজ আর টুর্নামেন্টই শুধু নয়, কোচ এখন থেকেই পরিকল্পনা সাজাতে শুরু করেছেন ২০১৫ বিশ্বকাপ নিয়েও। জার্গেনসেনের ইচ্ছা, বিশ্বকাপ সামনে রেখে আগামী সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ায় গিয়ে অনুশীলন ক্যাম্প করার। এ নিয়ে তিন-চার মাস ধরেই নাকি আলোচনা করছেন তিনি। ‘বিশ্বকাপের আগে ওখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে এ রকম একটা ক্যাম্প করা দরকার। অস্ট্রেলিয়ান ডলারের দাম কিছুটা কমে যাওয়ায় এ বিষয়ে এখনই কথা পাকা করে ফেললে খরচও কম পড়বে। আগে যখন পরিকল্পনা করেছিলাম তখন প্রায় ১ লাখ ৪০ হাজার ডলার খরচ পড়ত। এখন ৫০ হাজার ডলারের মতো কম খরচ  হবে’—বলেছেন জার্গেনসেন। এ ব্যাপারে বর্তমানে ক্রিকেট অস্ট্রেলিয়ায় কর্মরত বাংলাদেশের সাবেক কোচ স্টুয়ার্ট ল-র সঙ্গেও বিস্তারিত আলোচনা করে রেখেছেন তিনি।

সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজ থেকে আসার পর পরই ব্রিসবেনে ক্যাম্পটা করতে চান জার্গেনসেন। ওই সময় সেখানে অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণীর দলগুলো প্রাক-মৌসুম ক্যাম্প করবে। বাংলাদেশ দলের অস্ট্রেলিয়ান কোচ সেই সুযোগটাই নিতে চান। সঙ্গে সম্ভব হলে পেস বোলারদের নিয়ে বাড়তি আরেকটা ক্যাম্পও করতে চান জার্গেনসেন। ক্যাম্পটা ১৮ দিনের করার ইচ্ছা, টাকাপয়সার সমস্যা না হলে পেস বোলারদের রাখতে চান আরও দুই সপ্তাহ বেশি, ‘ওদের যদি ওখানে বাড়তি দুই সপ্তাহ রাখা যায় এবং কিছু ম্যাচ খেলানো যায়, সেটা হবে খেলোয়াড়দের জন্য অসাধারণ। ওখানকার উইকেটে সুইং আছে, বাউন্স আছে। তারাও তখন চেষ্টা করবে কন্ডিশনের এসব সুবিধা কাজে লাগাতে। অনেক কিছু শিখতেও পারবে ওরা।’ সম্ভাব্য এই ক্যাম্পের জন্য প্রথম সারির পেসারদের সঙ্গে কোচের চিন্তায় আছে মোহাম্মদ শহীদ, দেওয়ান সাব্বির, শুভাশিস রায়, রবিউল ইসলাম (রবি), তাসকিন আহমেদের মতো পেসারদের নামও।