অস্ট্রেলিয়ায় দাবাড়ু পাঠাতে এত উৎসাহ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্র্যান্ডমাস্টার, আন্তর্জাতিক মাস্টার, এমনকি ফিদে মাস্টারও নন। ২১০০ রেটিংধারী সাধারণ এক খেলোয়াড় এস এম স্মরণ। তাঁকে হঠাৎ করেই অজানা কারণে অস্ট্রেলিয়ার এক ঘরোয়া টুর্নামেন্টে পাঠাতে অতি উৎসাহী হয়ে উঠেছে ফেডারেশন।অস্ট্রেলিয়ার স্থানীয় একটি দাবা সংস্থার আয়োজনে অংশ নিতে সিডনিতে যাওয়ার অপেক্ষায় এখন এই দাবাড়ু। নিউ সাউথ ওয়েলসের ইন্টেগ্রা এনএসডব্লু ওপেন টুর্নামেন্টে খেলার জন্য পরশু সরকারি ছাড়পত্রের (জিও) আবেদন করেন স্মরণ। কিন্তু দাবাড়ু হিসেবে পরিচিতি না থাকায় অধিকতর তদন্ত করতে চিঠিটি ফেডারেশনে ফেরত পাঠিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।দেশে এত ভালো ভালো খেলোয়াড় থাকতে হঠাৎ করে অস্ট্রেলিয়ায় কেন এই মানের দাবাড়ু পাঠাতে হবে, সেটা নিয়ে সবাই বিভ্রান্ত। বিষয়টির কোনো যৌক্তিক ব্যাখ্যা দিতে পারেননি দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক মোকাদ্দেস হোসাইন, ‘এখানে যেকোনো রেটেড খেলোয়াড় খেলতে পারেন। ও আবেদন করেছে, এ জন্যই আমরা ওকে সহযোগিতা করছি।’ কিন্তু গঠনতন্ত্র অনুসারে কোনো খেলোয়াড়কে দেশের বাইরে পাঠাতে হলে নির্বাহী কমিটির সভায় অনুমোদন নিতে হয়। এ ক্ষেত্রে নিয়ম মানা হয়নি। এ ব্যাপারে মোকাদ্দেসের কথা, ‘এটা এজেন্ডায় আছে। আমরা কোনো একটি সভায় এটা অনুমোদন করিয়ে নেব।’ মজার ব্যাপার, যিনি অস্ট্রেলিয়ায় খেলতে যাচ্ছেন, সেই স্মরণ নিজেও ঠিক জানেন না কোন টুর্নামেন্ট এবং কাদের সঙ্গে খেলবেন। অস্ট্রেলিয়ায় যাচ্ছেন, প্রথমে এটি অস্বীকারই করেছেন; পরে অবশ্য বলেছেন, ‘কোন টুর্নামেন্টে খেলতে যাচ্ছি, সেটা জানি না।’