অস্ট্রেলিয়ায় ‘স্পিন উপদেষ্টা’ মুরলিধরন
১৯৯৫ সালের বক্সিং ডে টেস্টে মুত্তিয়া মুরলিধরনের বলে প্রথম চাকিংয়ের অভিযোগ উঠেছিল অস্ট্রেলিয়ার মাটিতেই। সেই চাকিং বিতর্ক উত্তপ্ত করেছিল বিশ্ব ক্রিকেটকে। সেই সূত্র ধরে অস্ট্রেলিয়ার সঙ্গে শ্রীলঙ্কার ক্রিকেট সম্পর্কেরও হয়েছিল দারুণ অবনতি। ’৯৯-এর সালে মুরলিধরনের বোলিং নিয়ে আরেকবার বিতর্কের ঝড় উঠেছিল, তা-ও সেই অস্ট্রেলিয়ার মাটিতেই। সে সময়ের লঙ্কান দলপতি অর্জুনা রানাতুঙ্গা তো সেই সূত্র ধরে অস্ট্রেলিয়ানদের অতীত প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন তুলে বিতর্কের মাত্রা বাড়িয়ে দিয়েছিলেন আরও বহুগুণ।সেই বিতর্ক এখন অতীত। মুরলিধরনও সব ধরনের বিতর্ক ছাপিয়ে নিয়ে গেছেন অন্য এক উচ্চতায়। তিনি এখন টেস্ট ও ওয়ানডের সর্বোচ্চ উইকেটের মালিক। বল হাতে নানা কীর্তির জন্ম দেওয়া এই লঙ্কানের এখন ডাক পড়েছে সেই অস্ট্রেলিয়াতেই। অস্ট্রেলিয়ানরা এখন আগ্রহী মুরলির কাছ থেকে তাঁর স্পিনশৈলীর কিছুটা হলেও নিজেদের মধ্যে নিয়ে নিতে।অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে অবস্থিত ক্রিকেট একাডেমিতে মুরলি কিছুদিন স্পিন উপদেষ্টা হিসেবে কাজ করতে রাজি হয়েছেন। আজ মঙ্গলবার ডেইলি টেলিগ্রাফের এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। অস্ট্রেলিয়ান ক্রিকেট একাডেমিতে স্পিন বোলিং উপদেষ্টা হয়ে কাজ করবেন মুরলি—একে ‘দারুণ ব্যাপার’ হিসেবেই মন্তব্য করেছেন সাবেক অসি গ্রেট গ্রেগ চ্যাপেল। তিনি বলেছেন, ‘মুরলির রেকর্ডই বলছে, সে স্পিন বোলিংটা অন্যদের চেয়ে অনেক ভালোই জানে। এখানে সে তরুণ স্পিনারদের মধ্যে নিজের অভিজ্ঞতাগুলো বিনিময় করতে পারবে।’এদিকে অস্ট্রেলিয়ার ক্রিকেট একাডেমিতে ‘ভার্চুয়াল বোলিং মেশিনে’ মুরলির বোলিংয়ের অনুকরণ সংযোজিত হবে। এখন থেকে তরুণ ক্রিকেটাররা ‘সাইবার মুরলি’র বল খেলে নিজেকে আগামী দিনের জন্য প্রস্তুত করতে পারবে।মুত্তিয়া মুরলিধরন আসন্ন বিশ্বকাপ ক্রিকেটের পরপরই আন্তর্জাতিক ক্রিকেটকে চিরতরে বিদায় জানাবেন। ৩৮ বছর বয়স্ক মুরলিধরনের ঝুলিতে রয়েছে ৮০০ টেস্ট উইকেটের গৌরব। তিনি গত জুলাই মাসে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছেন।