অস্ট্রেলীয় অ্যাথলেটের অভিযোগ বর্ণবাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাথলেটিকস অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ এনেছেন দেশটির অন্যতম প্রধান অ্যাথলেট জন স্টিভেনসন। এবারের অলিম্পিক আসরের ৪০০ মিটার দৌড়ে সুযোগ না পাওয়ার পর এ অভিযোগ এনেছেন তিনি। স্টিভেনসন ২০০৪ সালের এথেন্স অলিম্পিকের ৪০০ মিটার রিলে দৌড়ে রুপার পদক জয় করেছিলেন।লন্ডনের ৪০০ মিটার রিলে ছাড়াও কমনওয়েলথ গেমসেও দুবার সোনা জেতার কৃতিত্ব আছে জন স্টিভেনসনের। এবারের লন্ডন অলিম্পিকের ৪০০ মিটার দৌড়ের জন্য তিনিই প্রধান পছন্দ বলে বিবেচিত হবেন, এমনটাই আশা করেছিলেন অনেকে। কিন্তু অ্যাথলেটিকস অস্ট্রেলিয়া তাঁর পরিবর্তে ১৯ বছর বয়সী স্টিভ সলোমনকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। আর স্টিভেনসনকে রাখা হয়েছে অতিরিক্ত অ্যাথলেটের তালিকায়। সলোমনের তুলনায় সাম্প্রতিক পারফরমেন্স অনেক ভালো থাকলেও অ্যাবোরিজিন আদিবাসী বলেই তাঁর সঙ্গে এমনটা করা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্টিভেনসন। গত সপ্তাহে অস্ট্রেলিয়ান একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘এই ফেডারেশনের সিদ্ধান্তের কারণে আমি নিজেকে বর্ণবাদের শিকার বলে মনে করছি। আমার বর্ণ যদি অন্য রকম হতো, তাহলে হয়তো সেটা অনেক সহায়ক হতো। আমাকে নিয়ে ফেডারেশনের অনেক সিদ্ধান্ত হয়তো একদমই ভিন্ন রকম হতো।’অস্ট্রেলিয়ার অলিম্পিক প্রস্তুতি ম্যাচেও স্টিভ সলোমনকে হারিয়েছিলেন স্টিভেনসন। কিন্তু দুজনেরই কেউই আশানুরূপ ভালো সময়ে দৌড় শেষ না করতে পারায় অলিম্পিকের চূড়ান্ত প্রতিযোগী নির্বাচনের কাজটি বর্তেছে অ্যাথলেটিকস অস্ট্রেলিয়ার ওপরে। আর দেশটির অ্যাথলেটিকসদের শীর্ষ এই প্রতিষ্ঠানটি এখনো স্টিভ সলোমনকেই চূড়ান্ত করে রেখেছেন। প্রধান নির্বাহী ডালাস ও’ব্রেইন বলেছেন, ‘এটা খুবই পরিষ্কার যে আমাদের উদীয়মান তারকা, ১৯ বছর বয়সী স্টিভ সলোমনই অলিম্পিকের ৪০০মিটার দৌড়ে অংশ নিতে যাচ্ছেন। কিন্তু অস্ট্রেলিয়ান অলিম্পিক কমিটি জন স্টিভেনসনকে অতিরিক্ত হিসেবে রেখেছে।’ রয়টার্স