অস্ট্রেলীয় ওপেনে নাদাল ফেবারিট: ফেদেরার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতি মুহূর্তেই রাফায়েল নাদাল ফেদেরারের জীবন-মরণ প্রতিদ্বন্দ্বী। তাই বলে স্প্যানিশ তারকার ব্যাপারে শ্রদ্ধাবোধে এতটুকু ঘাটতি নেই রজার ফেদেরারের। অস্ট্রেলীয় ওপেনে কোর্টে নামার আগে ফেদেরার নাদালকেই এ প্রতিযোগিতার শিরোপার সবচেয়ে বড় দাবিদার হিসেবে অভিহিত করেছেন।গত মৌসুমে ওয়ার্ল্ড ট্যুর ফাইনালে নাদালকে তিন সেটেই হারিয়েছিলেন ফেদেরার। সেই পরাজয়টি ছিল নাদালের জন্য শুভ্র দুধে এক ফোঁটা কালিমার মতোই। তবে উইম্বলডন, ফ্রেঞ্চ ও ইউএস ওপেন জয় করা নাদালকে যে অস্ট্রেলীয় ওপেনে ফেবারিটের তালিকায় শীর্ষেই রাখতে হবে—সে ব্যাপারে কোনো সংশয় নেই ফেদেরারের।‘অস্ট্রেলীয় ওপেনে নাদালই পরিষ্কার ফেবারিট। সে তিনটি গ্র্যান্ড স্লাম জিতেছে।’ ফেদেরারের অভিমত। তাঁর মতে, ‘যদিও ওয়ার্ল্ড ট্যুর ফাইনালে আমি নাদালকে হারিয়েছি এবং এ মুহূর্তে আমি হার্ড কোর্টে মোটামুটি ভালোই খেলছি। তার পরও তিনটি গ্র্যান্ড স্লামে নাদাল নিজের শ্রেষ্ঠত্ব যেভাবে ধরে রেখেছে, তাতে অস্ট্রেলীয় ওপেনে আমি ফেবারিট হিসেবে নাদালকেই চিহ্নিত করে রাখবো।’গত বছরের অস্ট্রেলীয় ওপেনের ফাইনালে অ্যান্ডি মারেকে সরাসরি ব্যবধানে হারিয়ে ১৬তম গ্র্যান্ড স্লামের মালিক হয়েছিলেন রজার ফেদেরার। তবে এবার তিনি নিজেকে একেবারেই ফেবারিট মানতে রাজি নন। তিনি মনে করেন, দুই যমজ কন্যসন্তানের জনক তাঁর চিন্তা-ভাবনাকে বিভিন্নমুখী করেছে। টেনিসের পাশাপাশিও দুই কন্যার বাড়-বাড়ন্তও তাঁর চিন্তা-ভাবনার একটা বড় জায়গা দখল করে রেখেছে। ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনে তাঁর কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়কে অনেক বিশ্লেষকই দেখতে শুরু করেছেন ফেদেরার যুগের সমাপ্তি হিসেবে।বিশ্লেষকদের শঙ্কাকে অবশ্য মিথ্যা প্রমাণ করতে সচেষ্ট ফেদেরার। বছরের শেষে তিনি ফর্মে ফিরেছেন কাতার ওপেনে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে। রয়টার্স।