অস্ট্রেলীয় ক্রিকেট ছাড়লেন ক্যাটিচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর স্বীকার করেছিলেন, আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শেষ হয়ে গেছে তাঁর। এবার অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণীর ক্রিকেটকেও বিদায় জানিয়ে দিলেন অসি ব্যাটসম্যান সাইমন ক্যাটিচ। তাঁর বর্তমান কাউন্টি ক্লাব হ্যাম্পশায়ার এ খবর জানিয়েছে।এক বিবরণীতে হ্যাম্পশায়ার জানায়, অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ক্যাটিচ। নিজের পরিবারকে আরও বেশি সময় দিতেই তাঁর এই সিদ্ধান্ত।ফর্মহীনতার কারণে দেখিয়ে গত বছরের জুনে জাতীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয় ক্যাটিচকে। ২০০৯ সালে ড্রেসিং রুমে মাইকেল ক্লার্কের সঙ্গে বিবাদে জড়ান তিনি। সেই ক্লার্ককে গত মার্চে অধিনায়ক করে ক্রিকেট অস্ট্রেলিয়া।অস্ট্রেলিয়ার হয়ে ৫৬টি টেস্ট খেলেছেন ৩৬ বছর বয়সী ক্যাটিচ। ৪৫.০৩ গড়ে তাঁর সংগ্রহ চার হাজার ১৮৮ রান। টেস্টে ১০টি সেঞ্চুরি হাঁকানোরও কৃতিত্ব রয়েছে তাঁর। সর্বশেষ টেস্ট খেলেছেন ২০১০ সালের ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে।অস্ট্রেলিয়ার হয়ে ৪৫টি ওয়ানডেতে ক্যাটিচের সংগ্রহ এক হাজার ৩২৪ রান। রান গড় ৩৫.৭৮। সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০০৬ সালে সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। গত বছর ক্যাটিচ জানান, তাঁর আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শেষ হয়ে গেছে। অক্টোবরে কাউন্টি ক্লাব নিউ সাউথ ওয়েলসের নেতৃত্বও ছেড়ে দেন তিনি।নিউ সাউথ ওয়েলসের হয়ে দীর্ঘ ১০ বছর খেলেন ক্যাটিচ। এখানে ৬১.৭৩ গড়ে তাঁর সংগ্রহ পাঁচ হাজার ৩০৯ রান। ক্যাটিচের অবদানের কথা স্মরণ করে নিউ সাউথ ওয়েলসের প্রধান হ্যারি হরিনাথ বলেছেন, ‘নিউ সাউথ ওয়েলস ক্রিকেটে সাইমনের অবদান অতুলনীয়। ১০ বছরে ও আমাদের অনেককিছুই এনে দিয়েছে। আমরা সবাই মুগ্ধ। সাইমন শুধু একজন ভালো ব্যাটসম্যানই নয়, অসাধারণ একজন নেতাও। অধিনায়ক হিসেবে ওকে সবাই শ্রদ্ধা করত।’ রয়টার্স।