অস্ট্রেলীয় ক্রিকেটারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পক্ষে খেলা অস্ট্রেলিয়ান ক্রিকেটার লিউক পোমার্সবাচের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন জনৈক নারী। দিল্লির এক পাঁচতারা হোটেলে এই ক্রিকেটার তাঁকে জোর করে চুম্বন করার চেষ্টা করেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের নাগরিক এই নারী। আজ শুক্রবার দিল্লি পুলিশ গ্রেপ্তারও করেছে পোমার্সবাচকে।পাটিয়ালা হাউস কোর্টে শুনানি চলাকালে শ্লীলতাহানির বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ওই নারী। তিনি জানান, হোটেলে একটা পার্টি শেষে পোমার্সবাচ, তাঁকে ও তাঁর প্রেমিককে কিছু সময় একসঙ্গে কাটানোর আমন্ত্রণ জানান। এই প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর সেই অস্ট্রেলীয় ক্রিকেটার জোর করে তাঁকে চুম্বনের চেষ্টা করেন ও তাঁর প্রেমিককে বেশ কয়েকবার ঘুষি মারেন। তিনি আরও বলেন, ‘যখন আমি তাকে এড়িয়ে নিজের ঘরে যেতে চাচ্ছিলাম, তখন সে আমার হাত চেপে ধরে ও আমাকে চুম্বন দেওয়ার চেষ্টা করে। এ সময় আমার প্রেমিক আমাকে ছেড়ে দিতে বলে। তখন সে তাকে ঘুষি মারে। এতে সে কানে খুব গুরুতর আঘাত পায়। তার রক্তপাতও হয়েছে।’ এ সময় ভারত সরকারের কাছে নিজের নিরাপত্তাও দাবি করেন ওই নারী।আইপিএলের ২০০৮-০৯ মৌসুমে লিউক পোমার্সবাচ খেলেছিলেন কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে। ২০১১ সাল থেকে তিনি নাম লেখান রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে।—এনডিটিভি