মাঠের খেলা এরই মধ্যে শুরু হয়ে যাওয়ার কথা। তবে ব্যাট-বলের লড়াইয়ের আগে কাল বেশ আলোচনায় ছিল ‘মাঠের বাইরে’র খেলা। অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার লড়াই এমনিতেই যথেষ্ট ঝাঁজালো। এবার তাতে যোগ হয়েছে বাড়তি মাত্রা—লড়াইটা এক নম্বরের। অস্ট্রেলিয়ার কোচ আবার মিকি আর্থার, দীর্ঘদিন যিনি ছিলেন গ্রায়েম স্মিথদের কোচ। দক্ষিণ আফ্রিকার প্রায় সব খেলোয়াড়ের শক্তি-দুর্বলতাই যাঁর মুখস্থ। আর্থার নাকি দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশের কোনো খেলোয়াড়কে কীভাবে বধ করতে হবে, তার একটা পরিকল্পনা তৈরি করেছেন। সেই ‘রণকৌশল’ ফাঁস হয়ে গেছে অস্ট্রেলীয় পত্রিকায়।স্মিথকে এলবিডব্লুর ফাঁদে ফেলো, জ্যাক ক্যালিসকে শর্ট পিচ ডেলিভারি দাও কিংবা হাশিম আমলাকে স্লেজিং করে উত্ত্যক্ত করো—এ ধরনের টোটকা তাই চলে এসেছে প্রকাশ্যে। দক্ষিণ আফ্রিকা অধিনায়ক গ্রায়েম স্মিথ যেটির প্রতিক্রিয়ায় বলেছেন, এতে নাকি তাঁর দল আরও বেশি উজ্জীবিত বোধ করছে। তবে অস্ট্রেলিয়া অধিনায়ক মাইকেল ক্লার্কের দাবি, এ ধরনের কোনো লিখিত পরিকল্পনার নাকি অস্তিত্বই নেই।স্মিথের বক্তব্য, ‘এর মধ্যে আসলে নতুন কিছুই নেই। আমি নিজে অবশ্য পড়িনি, কয়েকটা লাইন কেবল শুনেছি। এটা এমন নয় যে আমাদের অপ্রত্যাশিত কিছু। অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা এত খেলেছি, এখানে জিততে হলে কী করতে হবে, সেটা সবারই জানা। আমাদের প্রস্তুতিও অনেক ভালো আর কৌশলপূর্ণ হয়েছে। পত্রপত্রিকায় যা এসেছে এবং মিকি সম্ভবত যা বলেছে, তাতে আমরা বাড়তি উজ্জীবিতই বোধ করছি।’ক্লার্কের দাবি, এ স্রেফ পত্রিকাগুলোর চালবাজি। যা প্রকাশিত হয়েছে, এর অনেক কিছুই অস্ট্রেলিয়ার আসল রণকৌশলে নেই দাবি করে দলের অধিনায়ক বলেছেন, ‘দলগতভাবে আমাদের এ ধরনের অফিশিয়াল কোনো কাগজপত্র নেই। আমরা প্রতিপক্ষের খেলোয়াড়দের নিয়ে কথা বলি। বোলিং গ্রুপ ও ব্যাটিং গ্রুপ হিসেবে প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা বিশ্লেষণ করি। দল হিসেবে আমরা সাধারণত এসবই করি। যা ছাপা হয়েছে, তার অনেক কিছুই দক্ষিণ আফ্রিকা দল সম্পর্কে সবাই জানে। আবার এমনও অনেক কিছু আছে, যেগুলো নিয়ে আমরা কথাই বলিনি।’ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী বিষয়টিকে হেসে উড়িয়ে দিয়েছেন এই বলে, ‘গোপন রহস্য’ হিসেবে যা ছাপা হয়েছে, তার কিছুই তো গোপন নয়! আর্থারও এটিকে ‘মিডিয়া হাইপ’ বলে দাবি করে টুইট করেছেন, ‘একটি বিষয় পরিষ্কার করতে চাই, এ ধরনের কোনো গোপন কাগজপত্র নেই, ছিলও না।’ ওয়েবসাইট।