অস্তিত্বের ম্যাচ জিতে সেমিতে খুলনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিতলে সেমিফাইনাল, হারলে বিদায়—এমন ম্যাচ উত্তেজনা না ছড়িয়ে পারেই না। এনসিএল টি-টোয়েন্টি লিগের নিষ্প্রাণ ক্রিকেট দেখতে দেখতে ত্যক্ত-বিরক্তরা বুঝি আশায় বুক বেঁধেছিলেন—যাক, বারুদের গন্ধ ছড়ানো একটা ম্যাচ তো হবে!হলো না। এনসিএল টি-টোয়েন্টিটা লিগ পর্বের শেষ ম্যাচ পর্যন্ত নামেই টি-টোয়েন্টি হয়ে থাকল। কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একমাত্র ম্যাচে ১৩৯ রান করেও বরিশাল ব্লেজার্সের বিপক্ষে ৪৫ রানের সহজ জয় পেয়ে সাকিব আল হাসানের কিংস অব খুলনা চতুর্থ দল হিসেবে উঠে গেছে সেমিফাইনালে। আজ দুপুরে প্রথম সেমিফাইনালে তারা মুখোমুখি হবে সুলতানস অব সিলেটের। দ্বিতীয় সেমিফাইনালে লিগ পর্বে অপরাজিত ঢাকা ডায়নামাইটসের সঙ্গে খেলবে রাজশাহী রেঞ্জার্স। রাজশাহী-খুলনা দু দলেরই পয়েন্ট চার করে। মুখোমুখি লড়াইয়ে রাজশাহী জেতায় পয়েন্ট টেবিলে তারা আছে তিন নম্বরে, চারে খুলনা।টি-টোয়েন্টি ক্রিকেট বললে যে রোমাঞ্চের আশা জাগে মনে, ডেসটিনি গ্রুপ এনসিএল টি-টোয়েন্টি লিগ তার ছিটেফোঁটাও দিতে পারেনি। এটাকে বলা হচ্ছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি। অথচ হাতে গোনা দু-একজন ছাড়া বিশ্বকাপের বাংলাদেশ দলের বেশির ভাগ ক্রিকেটারই এখানে চূড়ান্ত ব্যর্থ।ব্যাট হাতে অধিনায়ক সাকিব আল হাসান তাদেরই একজন। তার পরও রক্ষা, ডুবতে ডুবতে ভেসে উঠেছে তাঁর তরী। সেমিফাইনালে উঠে এখন নিশ্চয়ই শিরোপার স্বপ্নও দেখছে কিংস অব খুলনা। তবে কাল ২০ ওভারে ১৩৯ রানে অলআউট হওয়ার পর সাকিবও অতটা বড় করে দেখতে পারেননি জয়ের স্বপ্ন। ছয় নম্বরে ব্যাট করতে নেমে সাব্বির রহমানের বলে এলবিডব্লু, ড্রেসিংরুমে ফিরেছেন এক বল খেলেই। শ্রীলঙ্কান ওপেনার মাহেলা উদয়াত্তের ১৮ বলে ২৬ আর ইমরুল কায়েসের ৩৩ বলে ৩৬, এর পরও ৯২ রানে পড়ে গিয়েছিল ৮ উইকেট। দুই ছক্কা আর দুই চারে নয় নম্বর ব্যাটসম্যান ডলার মাহমুদের ১৮ বলে করা ৩০ রানের ইনিংসটাই মোটামুটি একটা সংগ্রহ এনে দেয় স্কোরবোর্ডে।বরিশাল ব্লেজার্সের সেটা তাড়া করতে গিয়েই গলদঘর্ম অবস্থা। শেষ পর্যন্ত তো ২ ওভার বাকি থাকতে ৯৪ রানে অলআউটই হয়ে গেল তারা। পঞ্চম ওভারেই ১৭ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর ব্যাটসম্যানরা এতটাই মাথা নত করে ফেললেন যে প্রথম ১০ ওভারে রান এল মাত্র ৪৪ এবং ১৫ ওভার শেষে ৬ উইকেটে ৭২! নিষ্প্রাণ এ ম্যাচে যা একটু উত্তেজনার দেখা মিলল বরিশালের ইনিংসে ডলারের করা ১৭তম ওভারের শেষ বলে। আগের বলেই ছক্কা মারার পর বরিশাল ব্লেজার্সের ব্যাটসম্যান ডলারের পরের বলটাকেও লং অনের ওপর দিয়ে পাঠাতে চাইলেন মাঠের বাইরে। কিন্তু সীমানা দড়ি পার হওয়ার ঠিক আগ মুহূর্তে ডাইভ দিয়ে সেটাকে ক্যাচ বানিয়ে ফেলেন খুলনার ফরহাদ হোসেন। ফরহাদের সঙ্গে কথা বলে আম্পায়ার আঙুল তুলে দেন, ব্যাটসম্যানও হাঁটা শুরু করেন ড্রেসিংরুমের দিকে। কিন্তু টেলিভিশন রিপ্লেতে দেখা যায়, ডাইভ দিয়ে মাটিতে পড়ার সময় ফরহাদের একটা হাত সীমানা দড়ি স্পর্শ করেছে। আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েও লাভ হয়নি বরিশাল ব্লেজার্সের। এনসিএল টি-টোয়েন্টিতে থার্ড আম্পায়ারই যে নেই!খেলা শেষে ম্যাচ রেফারির কাছে লিখিত অভিযোগ জানিয়েছে বরিশাল ব্লেজার্স। তবে তাতে লাভের লাভ কিছুই হবে না বলে মনে করছেন দলের কর্মকর্তা এম এ আউয়াল চৌধুরী, ‘অভিযোগ করলেও কী হবে কে জানে! বিকেএসপিতে রাজশাহী রেঞ্জার্সের বিপক্ষে ম্যাচে বাজে আম্পায়ারিং হয়েছে। আমরা অভিযোগ করেছিলাম, কিন্তু আম্পায়ারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’