অস্ত্র হাতে তুললেন বালোতেল্লি!

আর দশজন খেলোয়াড়ের মতো তিনি নন। মাঠ হোক বা মাঠের বাইরে, খ্যাপাটে কাণ্ডকীর্তিতে মারিও বালোতেল্লির জুড়ি মেলা ভার। মাঠে রেফারির দিকে তেড়ে যাওয়া, অঙ্গভঙ্গি, প্রতিপক্ষ খেলোয়াড়দের প্রতি খিস্তি-খেউর, টিভি ক্যামেরাম্যানদের ওপর আঘাত, আনন্দ প্রকাশ করতে গিয়ে গায়ের জার্সি খুলে ফেলা এমনকি ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে নিজের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া—এমন বহু বিতর্কিত ঘটনায় জড়িয়ে বারবার খবর হয়েছেন তিনি। ইতালীয় ফরোয়ার্ড খবর হলেন আবারও। আর সেটা অবশ্যই বিতর্কিত কর্মকাণ্ডের জন্য।
সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে নিজের একটি ছবি শেয়ার করেছেন বালোতেল্লি। সেখানে দেখা যায়, ক্যামেরার দিকে ‘শটগান’ তাক করে আছেন তিনি। ঘটনাটা সেখানেই শেষ হয়ে গেলেও বলার কিছু থাকতো না। ছবির সঙ্গে মোক্ষম একটা ক্যাপশনও জুড়ে দিয়েছেন—‘যারা আমাকে ঘৃণা করেন, তাঁদের সবার প্রতি এই “চুমু”!’
ব্যাপারটা হতে পারে নিছক দুষ্টুমি। কিন্তু বালোতেল্লি বলেই ব্যাপারটা হেসে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এটা স্পষ্ট, সমালোচকদের ওপর তাঁর রোষটা অনেক দিনের পুরোনো। তাই এটা অননুমেয় নয় যে বিশ্বকাপে আলো ছড়াতে না পারায় সমালোচনার বাণে বিধ্বস্ত হয়েই সমালোচকদের প্রতি তাঁর এই ইনস্টাগ্রাম-ছবি। এবারের বিশ্বকাপে তাঁর গোলে ইংল্যান্ডের বিপক্ষে জয় এলেও বাকি দুটি ম্যাচে তিনি ছিলেন নিষ্প্রভ। শেষের দুই ম্যাচ হেরে টানা দ্বিতীয়বারের মতো ইতালি প্রথম রাউন্ড থেকে ছিটকে পড়ায় বালোতেল্লিও তাই সমালোচকদের লক্ষ্য। তবে এর কারণ হিসেবে বালোতেল্লি নিজের ‘কৃষ্ণাঙ্গ’ হওয়ার ব্যাপারটি চাউর করে ইতিমধ্যেই ব্যাপক বিতর্কের জন্ম দিয়ে দিয়েছেন।
ইতালির পালের্মোতে জন্ম নেওয়া বালোতেল্লির আদি বাড়ি আফ্রিকার ঘানা। মা-বাবা দুজনেই ঘানাইয়ান। তবে আফ্রিকা আদি-ভূমি হওয়ার কারণে তিনি যে প্রায়ই বর্ণবাদী আচরণের শিকার—এটা কিন্তু সত্যি কথা। শটগান তাক করা ছবি প্রকাশের পরও তাঁকে নিয়ে বর্ণবাদী মন্তব্য করছেন অনেক ইতালীয়। এক ভক্ত যেমন ইনস্টাগ্রামেই লিখেছেন, ‘মারিও, তুমি জানো এর মানে কী? তুমি ইতালীয় নও, এ দেশ থেকে বেরিয়ে যাও।’ পাল্টা মন্তব্য করেছেন বালোতেল্লিও, ‘আমি মারিও বালোতেল্লি, বয়স ২৩। ইচ্ছা করে আমি ইতালীয় হইনি।’
বালোতেল্লির সর্বশেষ কাণ্ডে খেপেছে তাঁর ক্লাব এসি মিলানও। তবে মিলানের সহসভাপতি আদ্রিয়ানো গাল্লিয়ানি জানিয়েছেন, সামাজিক মাধ্যমে কোনো খেলোয়াড়ের প্রকাশ করার অভিমতে হস্তক্ষেপ করার অধিকার তাঁদের নেই, ‘আইনজীবীরা সব সময় আমাদের বাধা দিয়েছেন। বলেছেন, এতে ব্যক্তিগত অধিকার বাধাগ্রস্ত হবে। চুক্তিতে স্পষ্ট লেখা আছে, খেলোয়াড়েরা কী করতে পারবেন, কী পারবেন না। কিন্তু কারও ব্যক্তিগত জীবন নিয়ে কিছু করার নেই আমাদের। আমরা মৌখিকভাবে অনেক কিছু বলি, কিন্তু এখন তো দেখছি, তা যথেষ্ট নয়।’ সূত্র: এএফপি