অস্ত্রোপচার হলো মাশরাফির হাঁটুতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা আজ সন্ধ্যায়। তবে অস্ট্রেলিয়ার মেলবোর্ন অর্থোপেডিক গ্রুপের এভিনিউ হাসপাতাল থেকে সুখবরই এসেছে। কাল সন্ধ্যায় এই হাসপাতালেই মাশরাফি বিন মুর্তজার ডান হাঁটুতে সফল অস্ত্রোপচার করেছেন বিশেষজ্ঞ চিকিৎসক ডেভিড ইয়াং।সোয়া এক ঘণ্টার অস্ত্রোপচার শেষে ডেভিড ইয়াং জানিয়েছেন, পাঁচ মাস পরই মাশরাফি নেটে বোলিং করতে পারবেন। আন্তর্জাতিক ক্রিকেটে খেলার মতো ফিট হয়ে যাবেন নভেম্বরের মধ্যে। তার আগে আগামী দুই সপ্তাহ ক্র্যাচে ভর দিয়ে হাঁটতে হবে। ডাক্তার তাঁকে আবার দেখবেন দুই সপ্তাহ পর। মাশরাফিকে অস্ট্রেলিয়ায় থাকতে হতে পারে তিন থেকে চার সপ্তাহ।মেলবোর্নে মাশরাফির সঙ্গে আছেন তাঁর বাবাও এবং দুজনই আছেন ইকরাম বাবু নামের এক অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশির তত্ত্বাবধানে। কাল বাবু টেলিফোনে জানিয়েছেন, ‘ধারণা যা করা হয়েছিল, হাঁটু খোলার পর দেখা গেছে সমস্যা তার চেয়ে একটু বেশিই। তবে অস্ত্রোপচারের পর ডাক্তার বলেছেন, ডান হাঁটুটা এখন একদমই সুস্থ একটা হাঁটুর মতো হয়ে গেছে। বড় কোনো ইনজুরিতে না পড়লে আগামী পাঁচ বছরে কোনো সমস্যা হওয়ার আশঙ্কা নেই।’