অস্থির ইলিয়েভস্কি
সব কোচেরই নিজস্ব ধরন থাকে। খেলোয়াড় বাছাই অন্য কোচের চেয়ে আলাদা হতে পারে। কোচ নতুন খেলোয়াড় দলে আনবেন, বাদ দেবেন, এটি স্বাভাবিক। কিন্তু নিকোলা ইলিয়েভস্কির পছন্দ-অপছন্দ বোঝা কঠিন। ক্ষণে ক্ষণে রং বদলানোর মতো। বাংলাদেশের কোচ সকাল-বিকেল সিদ্ধান্ত পাল্টে ফেলায় দলের মধ্যে একটা চাপা আতঙ্ক ছড়িয়ে পড়েছে!এত দিন তাঁর এক নম্বর গোলরক্ষক ছিলেন মামুন খান। অভিজ্ঞ বিপ্লব বেঞ্চে। কাল শেখ জামালের বিপক্ষে অনুশীলন ম্যাচে বিপ্লবই খেললেন প্রথম দলে। ম্যাচের পর কোচ বললেন, ‘এখন গোলে বিপ্লবের সুযোগই বেশি দেখছি।’ অথচ মামুন খানকে নিয়ে দিন কয়েক আগেও কি উচ্ছ্বসিতই না ছিলেন ইলিয়েভস্কি! মালয়েশিয়ায় মামুন নাকি কিছুটা খারাপ খেলায় কোচ রুষ্ট। একটা ম্যাচে কয়েক মিনিট কেউ খারাপ খেললেই বাদ। মালয়েশিয়া সফরে গিয়েও সাফের দল থেকে বাদ পড়ে অভিজ্ঞ মিডফিল্ডার শাকিল সেটি বুঝলেন। পরশু রাতে ঘোষিত ২০ জনের চূড়ান্ত সাফ দলে রাখেননি মিডফিল্ডার আলমগীর কবির রানাকে। সবাইকে অবাক করে এই রানাই কাল আবার দলে! মানিক বাদ। এমন রদবদল প্রতিনিয়তই করে যাচ্ছেন কোচ। যে সুজনকে অধিনায়কত্ব দিয়েছেন বিশ্বকাপ বাছাইপর্বে, তাঁকে কাল প্রথম একাদশে খেলাননি। বিরতির পর নেমে শেখ জামালের বিপক্ষে পেনাল্টিতে গোল করে জাতীয় দলকে জেতালেন ওই সুজন (১-০)।এক সপ্তাহ পর দিল্লিতে সাফ ফুটবল শুরু। বাংলাদেশ কোচ এখনো তাঁর একাদশই ঠিক করেননি। পরীক্ষা-নিরীক্ষা চালিয়েই যাচ্ছেন। কালও দুটি একাদশ খেলিয়েছেন। ১০-১১টি অনুশীলন ম্যাচ খেলার পরও একাদশ নিয়ে খেলোয়াড়েরা গোলকধাঁধায়। তাঁরা বলছেন, ‘কোচ কী চান আমরা বুঝতে পারছি না!’ কোচের কথা, ‘ম্যাচের আগে প্রতিপক্ষ দেখে একাদশ ঠিক করব।’ সকাল-বিকেল এত পরিবর্তন কেন? এই প্রশ্নে তাঁর উত্তর, ‘আমি ৫০ বছর আগের পেলেকে দেখব না। আমি এই যুগের তরুণকে দেখব। তাই পরিবর্তন করছি।’শৃঙ্খলাভঙ্গের জন্য শাস্তি পাওয়া এমিলি-মিঠুনকে নেবেন না বলেও শেষ পর্যন্ত দুজনকেই নিলেন। অথচ সাফের জন্য যাঁদের অনুশীলন করালেন, তাঁরা বাদ! তরুণ ডিফেন্ডার তপু বর্মণ ইউরোপে খেলার যোগ্য কোচই করেছিলেন এমন প্রত্যয়ন। সেই তরুণও বাদ। খেলোয়াড়দের মুখে শোনা, তাঁরা বিমানে ওঠা না পর্যন্ত দলে থাকার ব্যাপারে নিশ্চিত নন। একজন বললেন, ‘দেখেন রাতে আবার কেউ বাদ পড়ে কিনা! অন্য একজনের কথা, এত অনিশ্চয়তায় ভুগলে খেলব কীভাবে?’এই অনিশ্চয়তার মধ্যেই দুটি অনুশীলন ম্যাচ খেলতে আজ জাতীয় দলের কলকাতায় যাওয়ার কথা ছিল। কিন্তু ভিসা-জটিলতায় আজ যাওয়া হচ্ছে না। কোচ ইলিয়েভস্কি, গোলকিপিং কোচ এবং তিনজন খেলোয়াড়ের ভিসা মেলেনি কাল পর্যন্ত, তাঁদের রোববার যেতে বলা হয়েছে। বাকিদের ভিসা কাল সন্ধ্যায় পাওয়ার কথা ছিল। ভিসা-জটিলতায় জাতীয় দলের কলকাতা সফর আপাতত স্থগিত করা হয়েছে।