অস্থির ব্যাডমিন্টনে বড় আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েকদিন ধরে অস্থির হয়ে আছে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহিদুল হকের (কচি) বিরুদ্ধে কয়েকজন নারী খেলোয়াড় অসদাচরণের অভিযোগ আনায় তিনি সাময়িকভাবে বরখাস্ত। এ নিয়ে নানা ঘোরপ্যাঁচের মধ্যে আগামীকাল দেশের ইতিহাসে সবচেয়ে বড় ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হচ্ছে ঢাকার উডেন ফ্লোর জিমনেশিয়ামে।কিন্তু বাংলাদেশসহ ১৪ দেশের টুর্নামেন্ট শুরুর দুই দিন আগেও ব্যাডমিন্টন অঙ্গন দুই ভাগে বিভক্ত। নারী খেলোয়াড়েরা খুশি। বেঁকে বসেছেন কিছু পুরুষ খেলোয়াড়। এই আন্তর্জাতিক সিরিজে খেলতে তাঁরা শর্ত দিয়েছেন, ফেডারেশনের সদস্য ও এই টুর্নামেন্ট কমিটির সম্পাদক হাফিজুর রহমানকে (মিলন) অপসারণ করতে হবে। দাবি না মানলে টুর্নামেন্ট বর্জন করা হবে বলেও হুমকি দিয়েছেন ওই খেলোয়াড়েরা।জাহিদুলের পক্ষ নিয়েছেন অনেক পুরুষ খেলোয়াড়। জাহিদুলকে টুর্নামেন্ট কমিটির দায়িত্ব দেওয়ার পক্ষে বিদ্রোহী পুরুষ খেলোয়াড়েরা। কেন এই দাবি? সাবেক জাতীয় চ্যাম্পিয়ন আহসান হাবিব পরশ বলছেন, ‘আমরা পুরুষ খেলোয়াড়েরা মনে করি, কচি ভাইকে দায়িত্ব দেওয়া উচিত। এ ব্যাপারে ফেডারেশন সভাপতিকে চিঠিও দেওয়া হয়েছে। আশা করি, তিনি একটা ভালো সমাধান দেবেন।’৬৬ প্রতিযোগীর এই টুর্নামেন্টের অর্থ পুরস্কার পাঁচ হাজার ডলার। অথচ বাংলাদেশ দল পূর্ণাঙ্গভাবে গঠন করা যায়নি এখনো! প্রাথমিক পুরুষ দলে ছিলেন ১৪ জন খেলোয়াড়। তার মধ্যে ১০ জন বিদ্রোহ করেছেন! কেউ কেউ অবশ্য ফিরে এসেছেন। এখন পুরুষ দলে আছেন ছয়জন। বিদ্রোহীদের অনেকে আজ ফিরতে পারেন বলে একপক্ষ দাবি করেছে।দেশসেরা এনায়েতউল্লাহ খেলছেন। আছেন জাবেদও। এনায়েত কাল বললেন, ‘আমরা চাই সবাই আসুক। সমস্যার সমাধান হোক। তবে খেলব না, এটা বলতে চাই না আমি। আমি এই টুর্নামেন্ট খেলছি।’মেয়েদের মধ্যে অন্যতম সেরা এলিনা সুলতানার কথা, ‘এক মাস ট্রেনিংয়ে ভালো কিছু হবে না। মেয়েদের সঙ্গে কিছু সমস্যা হয়েছে। এখন কিছু পুরুষ খেলোয়াড় বেঁকে বসেছে, এটা দেশের ব্যাডমিন্টনের জন্য ভালো নয়। তারা এটা কেন করল!’জার্মানি, তুরস্ক, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, ইরান, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইতালি, মালদ্বীপ, ভিয়েতনাম ও বাংলাদেশ খেলছে এশিয়ান ব্যাডমিন্টন কনফেডারেশনের এই চার দিনের টুর্নামেন্টে।