অবশেষে ফাঁড়া কাটল ফ্রান্সের। সর্বশেষ দুই বড় টুর্নামেন্টে (২০০৮ ইউরো ও ২০১০ বিশ্বকাপ) প্রথম পর্ব থেকে পাততাড়ি গোটানো দল পা রাখল কোয়ার্টার ফাইনালে। তবে এই অর্জন উদ্যাপন করতে পারছে কোথায় ফরাসিরা? গ্রুপ পর্ব শেষ করল তারা যে দ্বিমুখী হতাশা নিয়ে!জ্লাতান ইব্রাহিমোভিচের জাদুকরি এক গোল আর সুইডিশদের উদ্দীপ্ত ফুটবলে শেষ হয়েছে ফ্রেঞ্চদের ২৩ ম্যাচের অজেয় যাত্রা। কিয়েভের অলিম্পিক স্টেডিয়ামে পরশু ২-০ গোলে হেরেও ফ্রান্স শেষ আটের টিকিট পেয়েছে গ্রুপের আরেক ম্যাচে ইংল্যান্ডের কাছে ইউক্রেন হেরে যাওয়ায়। নিও স্পোর্টসের বিশেষজ্ঞ এবং ১৯৯৮ বিশ্বকাপ ও ২০০০ ইউরোজয়ী ফ্রান্স দলের ডিফেন্ডার ফ্রাঙ্ক লেবেউফ তাই স্বস্তির হাসি দিয়ে বললেন, ‘এই প্রথমবার হয়তো ইংলিশদের কৃতজ্ঞতা জানাবে ফ্রেঞ্চরা!’হতাশার আরেক অধ্যায় কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ। গ্রুপ রানার্সআপ হওয়ায় শেষ আটে ফ্রান্সকে খেলতে হবে অন্যতম ফেবারিট স্পেনের বিপক্ষে। পরশুর ম্যাচ শেষেই কোচ লরাঁ ব্লাঁ বলে দিয়েছেন, ‘এমন খেললে স্পেনকে কীভাবে হারাব, বুঝতে পারছি না!’প্রথম দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া সুইডেন একরকম নাচিয়েই ছেড়েছে ফ্রান্সকে। ১০ মিনিটের ভেতর সুইডিশরা এগিয়ে যেতে পারত ৩ গোলে! ফাঁকা গোলের সামনে থেকেও ওলা তয়ফোনেনের হেড চলে যায় বার ঘেঁষে; আরেকবার গোলরক্ষককে একা পেয়েও আইন্দহোফেন ফরোয়ার্ড বল মারেন পোস্টে। ডিফেন্স চিরে এগিয়ে সেবাস্টিয়ান লারসন পারেননি শেষটা নিখুঁত করতে। সুইডেনের আক্রমণ মানেই নড়বড়ে ফ্রান্সের রক্ষণ। ফ্রান্স পাল্টা আক্রমণে পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি। বক্সের বাইরে থেকে নেওয়া রিবেরি-নাসরি-হাতেম বেন আরফাদের শট সামলাতে খুব একটা বেগ পেতে হয়নি সুইডিশ গোলরক্ষক আইজাকসনকে।একের পর এক আক্রমণের সুফল সুইডেন পায় ৫৪ মিনিটে। লারসনের দারুণ এক পাস থেকে বক্সের মাথায় দাঁড়ানো ইব্রাহিমোভিচের চোখ ধাঁধানো অ্যাক্রোবেটিক সাইড ভলি তীব্র গতিতে ঢুকে যায় জালে। দ্বিতীয় গোলটিও হতে পারত ইব্রার। অতিরিক্ত সময়ে তাঁর শট বারে প্রতিহত হয়ে ফিরলে জালে জড়ান পুরো ম্যাচে দুর্দান্ত খেলা লারসন। গোলরক্ষক হুগো লরিস বাধার দেয়াল না হয়ে দাঁড়ালে আরও গোটা তিন-চার গোল হজম করতে হতো ফ্রান্সকে।সেই ১৯৬৯ সালের পর ফ্রান্সকে হারাল সুইডেন। ছিটকে পড়েও সমর্থকদের সঙ্গে ফ্রান্স-বিজয় উদ্যাপন করলেন সুইডিশ ফুটবলাররা। আর শেষ আটে উঠেও গোমড়া মুখে মাঠ ছাড়লেন ফ্রেঞ্চ ফুটবলাররা। লরাঁ ব্লাঁ কোনো অজুহাতই দেননি পরাজয়ের। ফ্রেঞ্চ কোচের মুখে ছিল সুইডেন আর ইব্রার উচ্ছ্বসিত প্রশংসা, ‘সুইডেন হূদয় দিয়ে খেলেছে। প্রতিটি বিভাগেই আমাদের চেয়ে ওরা ভালো খেলেছে। আর এমন একজন ফুটবলার ওদের ছিল, যে কিনা পার্থক্য গড়ে দিয়েছে; অনেক বড় পার্থক্য।’স্পেনকে নিয়ে এখনই যেন দুশ্চিন্তার শেষ নেই ফ্রান্স কোচের, ‘স্পেন ইউরোর সেরা দল, সম্ভবত বিশ্বেরও। বাস্তবতা বুঝতে হবে, ওদের হারাতে হলে আমাদের করতে হবে বিশেষ কিছু। তবে আজকের মতো খেললে সেটা কীভাবে সম্ভব, বুঝতে পারছি না। ক্রোয়েশিয়া অবশ্য দেখিয়েছে, স্পেনের বিপক্ষে কেমন খেলা উচিত।’ এএফপি, রয়টার্স।ফ্রান্সকে প্রতিপক্ষ হিসেবে পেয়ে স্বস্তিতে নেই স্পেন কোচ ভিসেন্তে দেল বস্কও, ‘সম্ভাব্য তিন প্রতিপক্ষের (ইউক্রেন, ইংল্যান্ড ও ফ্রান্স) সবচেয়ে কঠিন দলকেই পেয়েছি আমরা।’ স্পেনের শঙ্কা আর ফ্রান্সের জন্য আশার একটা তথ্য। প্রতিযোগিতামূলক ফুটবলে কখনোই ফ্রান্সকে হারাতে পারেনি স্পেন!