অস্বস্তিকর সময়েই রোহিতের ১০ হাজার

টি-টোয়েন্টিতে ১০ হাজার রান হয়ে গেল রোহিত শর্মারআইপিএল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ম্যাচ জিততে না পারলে তো সফল হতে কোনো না কোনো উপায় বের করতেই হবে। আমরাও সেটাই করার চেষ্টা করছি, ভিন্ন প্রক্রিয়ায় এগোতে চাচ্ছি। এ মুহূর্তে কিছুই কাজ করছে বলে মনে হচ্ছে না। আমরা কিছুদিন ধরেই ভালো ক্রিকেট খেলছি না। এ কারণেই হারছি।’

পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে হারের পর মুম্বাই ইন্ডিয়ানস অধিনায়ক রোহিত শর্মার কণ্ঠে হতাশাটা স্পষ্ট। আইপিএলে এ নিয়ে টানা পাঁচ ম্যাচ হারল মুম্বাই, এ মৌসুমে এখন পর্যন্ত জয়শূন্য। মুম্বাইয়ের আরেকটি হারের দিনে রোহিত ছুঁয়েছেন ব্যক্তিগত এক মাইলফলক। টি-টোয়েন্টি ইতিহাসের মাত্র ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রান ছুঁয়ে ফেললেন মুম্বাই ও ভারত অধিনায়ক।

এ মৌসুমে এখনো জয় পায়নি মুম্বাই
আইপিএল

৯৯৭৫ রান নিয়ে কাল পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে নেমেছিলেন রোহিত। ১৭ বলে ২৮ রানের ইনিংস খেলার পথে কাগিসো রাবাদাকে ইনসাইড-আউটে ছয় মেরে পূর্ণ করেছেন ১০ হাজার। এ মাইলফলকে যেতে রোহিতের লাগল ৩৭৫ ম্যাচ। রোহিত এ কীর্তি গড়া দ্বিতীয় ভারতীয়। এর আগে যেটি ছুঁয়েছিলেন বিরাট কোহলি। ৩৩১ ম্যাচে ১০৩৮০ রান ভারত ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাবেক অধিনায়কের।

টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের তালিকায় সবার ওপর আছেন ক্রিস গেইল। ৪৬৩ ম্যাচে ১৪৫৬২ রান তাঁর। দুইয়ে থাকা শোয়েব মালিকের সঙ্গেই গেইলের পার্থক্য প্রায় ৩০০০ রানের। ৪৭২ ম্যাচ খেলে মালিকের রান ১১৬৯৮। তালিকায় তিনে থাকা কাইরন পোলার্ড অবশ্য ১১৪৮৪ রান করতে খেলেছেন ৫৮৬টি ম্যাচ। এ ছাড়া অ্যারন ফিঞ্চ ৩৪৮ ম্যাচ খেলে করেছেন ১০৪৯৯, ৩১৫ ম্যাচে ১০৩৭৩ রান ডেভিড ওয়ার্নারের।

মাইলফলক শেষ পর্যন্ত একটু স্বস্তি এনে দিতে পারবে রোহিতকে? অধিনায়ক রোহিতের মতো ব্যাটসম্যান রোহিতের সময়টাও যে ভালো যাচ্ছে না আইপিএলে। ৩২ বলে ৪১ রানের ইনিংস দিয়ে আইপিএলের এ মৌসুম শুরু করা রোহিত এরপর ৩০ পেরোতে পারেননি একবারও। সর্বশেষ পাঞ্জাবের বিপক্ষে পুরোনো রোহিতের ঝলক দেখা গেলেও দলকে পার করানোর মতো কিছু করতে পারেননি শেষ পর্যন্ত।

সময়টা সুবিধার যাচ্ছে না রোহিতের
আইপিএল

শুধু এ মৌসুম নয়, কয়েক মৌসুম থেকেই রোহিতের ব্যাট হাসছে না সেভাবে। ২০১৯ আইপিএলের পর থেকে টপ অর্ডারে বা ব্যাটিং অর্ডারের প্রথম তিনে কমপক্ষে ৩০ ইনিংস ব্যাটিং করা ১৫ জন ব্যাটসম্যানদের মধ্যে মাত্র ২ জনের গড় ৩০-এর নিচে। ওই ১৫ জনের মধ্যে ১৩০-এর নিচে স্ট্রাইক রেট মাত্র ৫ জনের। রোহিত পরেন দুই শ্রেণিতেই-৩০-এর নিচে গড়, ১৩০-এর নিচে স্ট্রাইক রেট।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অবশ্য রোহিতের সুসময়ই যাচ্ছে। ২০১৯ সালের এপ্রিলের পর থেকে ভারতের হয়ে ৩২.৭৩ গড়ে ৯৮২ রান করেছেন, ব্যাটিং করেছেন ১৪৪ স্ট্রাইক রেটে। তবে মুম্বাইয়ের জার্সি গায়েই সে পারফরম্যান্সটা ঠিক টেনে আনতে পারছেন না সম্প্রতি তিন সংস্করণেই ভারতের অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া রোহিত। ১০ হাজার রানের অর্জন বাড়তি কোনো প্রেরণা জোগাতে পারবে তাঁকে?