অস্বস্তিতে পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতকে ‘ধবলধোলাই’ করতে প্রয়োজন ১৬৮ রান। দিল্লিতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে এ লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো করলেও এই মুহূর্তে বেশ অস্বস্তিতে আছে সফরকারী পাকিস্তান।এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৪৭ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রান। মোহাম্মদ হাফিজ ১১ ও সাঈদ আজমল ১ রানে অপরাজিত আছেন। দলীয় ৩ রানে সাজঘরে ফেরেন কামরান। তখন তিনি রানের খাতাই খুলতে পারেননি। তাঁর জায়গায় আসা ইউনুস খান আউট হন ব্যক্তিগত ৬ রানে। দুটি উইকেটই নেন ভুবনেশ্বর কুমার। প্রাথমিক ধাক্কা সামলে পাকিস্তানকে এগিয়ে নিতে থাকা নাসির জামশেদকে (৩৪) ফিরিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। সাজঘরে ফেরার আগে অধিনায়ক মিসবাহ-উল-হক দলীয় সংগ্রহে যোগ করেন ৩৯ রান। উমর আকমল করেন ২৫ রান।এর আগে সাঈদ আজমলের কাছে অসহায় আত্মসমর্পণ করে মাত্র ১৬৭ রানে গুটিয়ে যায় ভারত। ২৪ রানের বিনিময়ে পাঁচটি উইকেট তুলে নেন পাকিস্তানি এই অফস্পিনার। দুটি উইকেট নেন মিডিয়াম পেসার মোহাম্মদ ইরফান।গত দুই ম্যাচের মতো আজও ভারতের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংসটি এসেছে অধিনায়ক ধোনির ব্যাট থেকে। তবে আজ ৩৬ রান করেই সাজঘরে ফেরেন ধোনি।টসে জিতে ব্যাট করতে নামা ভারত শুরু থেকেই পাকিস্তানি বোলারদের তোপের মুখে পড়ে। বীরেন্দর শেবাগের পরিবর্তে আজ গৌতম গম্ভীরের সঙ্গে জুটি বেঁধে ভারতের ইনিংসের গোড়াপত্তন করেন অজিঙ্ক রাহানে। কিন্তু রাহানে ব্যক্তিগত ৪ রানে মোহাম্মদ ইরফানের বলে উইকেটের পেছনে কামরান আকমলের হাতে ধরা পড়েন। সেই থেকে শুরু। এরপর একে একে ফেরেন গম্ভীর, কোহলি ও যুবরাজ। সাত ফুট এক ইঞ্চি উচ্চতার মোহাম্মদ ইরফান আর বাঁহাতি জুনাইদ খানের নিখুঁত লাইন-লেংথের সঙ্গে মোহাম্মদ হাফিজ ও সাঈদ আজমলের ঘূর্ণি দিশেহারা করে দেয় ভারতীয় দলকে।৬৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপের মুখে থাকা ভারতকে পথ দেখাতে শুরু করেছিলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও সুরেশ রায়না। কিন্তু সাঈদ আজমলের পর পর দুই বল সেই প্রতিরোধ ভেঙে চুরমার করে দেয়। নিজের চতুর্থ ওভারের চার ও পাঁচ নম্বর বলে প্রথমে সুরেশ রায়না ও পরে রবিচন্দ্রন অশ্বিনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ভারতের ওপর চাপটা আরও কয়েক গুণ বাড়িয়ে দেন আজমল। উইকেটে যতক্ষণ ছিলেন ততক্ষণ অধিনায়ক ধোনি স্রোতের বিপরীতে বুক চিতিয়ে লড়াই চালিয়েছিলেন। তাঁর করা ৩৬ রানই দলের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। কিন্তু ধোনির ব্যাট থেকে আসা গোটা তিনেক ছয়ের মার অবশ্য উজ্জীবিত করতে পারেনি বাকি ব্যাটসম্যানদের। তাঁদের আসা-যাওয়ার মিছিলে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ধবলধোলাইয়ের আশঙ্কাই এখন প্রকট হয়ে দেখা দিয়েছে।