অস্বস্তিতে মরিনহো!

এফসি বাসেলের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে ম্যাচে হেরে যাওয়ার পর এমনিতেই থমথমে স্ট্যামফোর্ড ব্রিজ। ওই ম্যাচের ব্যর্থতা নিয়ে কেউ কাটাছেঁড়া করছেন না, খেলা নিয়ে আলাপ-আলোচনাও নাকি একেবারেই বন্ধ। আজ ফুলহামের বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাচের আগে তাই চেলসিশিবিরে কবরের নিস্তবদ্ধতাই। কোচ হোসে মরিনহোকে যে ব্যাপারটি সবচেয়ে অস্বস্তি জোগাচ্ছে, তা হলো মালিক রোমান আব্রাহামোভিচের স্তব্ধতা। প্রথমে ইপিএলে এভারটন এরপর চ্যাম্পিয়নস লিগে বাসেলের বিপক্ষে হারের পরও আব্রাহামোভিচ নাকি মরিনহোর সঙ্গে ব্যর্থতা নিয়ে কোনো কথাই বলেননি।
বাসেলের বিপক্ষে ম্যাচটি মাঠে বসে দেখেছেন আব্রাহামোভিচ। খেলা শেষে হতাশ-বিধ্বস্ত খেলোয়াড়দের সঙ্গে দেখাও করেছেন তিনি। ড্রেসিং রুমে ঢুকে তিনি কেবল কয়েকজন খেলোয়াড়ের পিঠে-মাথায় হাত বুলিয়েই ঝড়ের বেগে বেরিয়ে যান, ইংলিশ সংবাদমাধ্যমের খবর এমনই। ইংলিশ সংবাদমাধ্যমগুলো এমন খবরও দিয়েছে, মরিনহো নাকি ওই দিন আশা করছিলেন আব্রাহামোভিচ তাঁর সঙ্গে কথা বলবেন; ব্যর্থতার নেপথ্য কারণ জানতে চাইবেন। রুশ ধনকুবের কোনোটিই না করায় দারুণ অস্বস্তিতে পড়ে গেছেন মরিনহো।
আপাতত চেলসির টানা ব্যর্থতার দায়ভার নিজের কাঁধেই নিচ্ছেন মরিনহো, ‘আমি কখনোই বাজে সময়ে খেলোয়াড়দের দোষারোপ করি না। ওটা আমার স্বভাব নয়। পেশাদার ফুটবলের যে নিয়ম, সে অনুযায়ী টানা দুই ম্যাচ হারের সব দায়ভার আমার। আমি ভালো সময়ে মাঠে গিয়ে খেলোয়াড়দের উজাড় করে দিতে বলি। খারাপ সময়ে তাঁদের শান্ত থাকার পরামর্শ দিই।’
চেলসি-সমর্থকেরা নাকি এখনো দলের পারফরম্যান্সে বেজায় ক্ষুব্ধ। চার ম্যাচে তিন গোল! বাসেলের বিপক্ষে ফার্নান্দো তোরেসকে বসিয়ে রাখাটাও চটিয়ে দিচ্ছে সমর্থকদের। তোরেস রিজার্ভ বেঞ্চে তো ছিলেনই, মাঠে ছিলেন না ডেম্বা বাও। স্যামুয়েল ইতোকে কী বুঝে মরিনহো খেলাচ্ছেন, তা নিয়ে ভেতরে ভেতরে বিস্তর সমালোচনাও আছে চেলসি-সমর্থকদের। তবে সবকিছু ছাপিয়ে আব্রাহামোভিচই সবচেয়ে বেশি ভাবাচ্ছেন মরিনহোকে।
চাকরিটা এবার থাকবে তো! সূত্র: ডেইলি টেলিগ্রাফ।