অহংকারী ফেদেরার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যান্ডি মারে কি ব্রিটেনের ৭৫ বছরের উইম্বলডন তৃষ্ণা মেটাতে পারবেন? অস্ট্রেলিয়ান ওপেন বিজয়ী জোকোভিচ কি অল ইংল্যান্ড ক্লাবে নিজেকে আবার মেলে ধরবেন নাকি টেনিসের সবচেয়ে মর্যাদাপূর্ণ শিরোপা থেকে যাবে নাদাল কিংবা ফেদেরারের মধ্যেই। এ প্রশ্নগুলো এখন ঘুরে ফিরছে চারদিকে। তবে মারে ও জোকোভিচকে কিন্তু একটা হুমকি দিয়েই রাখলেন ১৬ বারের গ্র্যান্ড স্লাম বিজয়ী রজার ফেদেরার। তিনি বলেছেন, তাঁকে কিংবা নাদালকে শিরোপায় হাত রাখা থেকে বঞ্চিত করতে মারে ও জোকোভিচকে নিজেদেরকেও ছাড়িয়ে যেতে হবে।হুমকিটা প্রচ্ছন্ন, কিছুটা অহংকারীও বটে। তবে, লোকমুখে ফেরা কথাটিই যেন নিজের মুখ দিয়ে বলেছেন ফেদেরার। তিনি বলেছেন, ‘মারে না জোকোভিচ কে এল, কে গেল—তা নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। আমি জানি, আমি টেনিসটা কেমন খেলি। এর পাশাপাশি এও জানি, রাফা (নাদাল) কেমন খেলোয়াড়।’ কথার লড়াইয়ে রাফায়েল নাদালকে পাশেই রাখছেন ফেদেরার।অতীত হয়ে যাওয়া গত আটটি উইম্বলডনের সাতটিতেই ফাইনালে খেলেছেন ফেদেরার। রাফায়েল নাদালও গত পাঁচবারে চারবার। উইম্বলডনের শিরোপার জন্য অবিসংবাদিত ফেবারিটই ধরা হচ্ছে এই দুই তারকাকে। তবে এটা ঠিক যে এ মুহূর্তের ফর্মের বিচারে অ্যান্ডি মারে ও নোভাক জোকোভিচের দিক দিয়েই চ্যালেঞ্জটা সবচেয়ে বেশি আসবে নাদাল ও ফেদেরারের দিকে। সবকিছু ঠিকঠাক থাকলে এবারের উইম্বলডনের সেমিতে মারের মুখোমুখি হচ্ছেন নাদাল। কোয়ার্টার ফাইনালে এ দুইয়ের সামনে বড় কোনো বাধা নেই ধরে নিলে। তবে কাল মেয়েদের লড়াইয়ে ভেনাস ও সেরেনা উইলিয়ামসের বিদায়ের পর কোনো অঘটনই আর অসম্ভব মনে হচ্ছে না। সেই তুলনায় কিন্তু ফেদেরারকে একটু কঠিন পরীক্ষাই দিতে হবে। কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের জো উইলফ্রায়েড সোঙ্গাকে হারিয়েই সেমিতে নোভাক জোকোভিচের সঙ্গে খেলতে হবে। সব মিলিয়ে সমীকরণটা অনেকটা এমন, এবারের উইম্বলডন ফাইনালের সবচেয়ে বড় দাবিদার চারজন—নাদাল, ফেদেরার, মারে ও জোকোভিচ। এর বাইরে থেকে সোঙ্গাও চলে আসতে পারেন। সে ক্ষেত্রে বিদায় নিতে হবে খোদ ফেদেরারকেই।টেনিস রোমান্টিকেরা অনেকেই অপেক্ষায় রয়েছেন নাদাল-ফেদেরার বিবর্জিত ফাইনালের জন্য। তবে এ ধারণাটাই মিথ্যা প্রমাণে মরিয়া ফেদেরার। ওয়েবসাইট।