প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একবার, দুবার নয় এই মৌসুমে তিন-তিনবার প্রতিপক্ষের মাঠে গিয়ে ৫-০ গোলে জিতে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। বোল্টন ওয়ান্ডারার্স, ফুলহাম ও উলভারহ্যাম্পটন ম্যানইউর এই তিন শিকার। ইংলিশ ফুটবলের দীর্ঘ ইতিহাসে মাত্র দ্বিতীয় দল হিসেবে এই কীর্তি গড়ল অ্যালেক্স ফার্গুসনের দল। আগের ঘটনাতেও আছে ম্যানইউর নাম। ১৮৯২-৯৩ মৌসুমে প্রতিপক্ষের মাঠে চারবার ৫ গোলের ব্যবধানে জিতেছিল সান্ডারল্যান্ড। তারা অ্যাস্টন ভিলাকে ৬-১, নটিংহাম ফরেস্টকে ৫-০, অ্যাকক্রিংটনকে ৬-০ ও ম্যানচেস্টার ইউনাইটেডকে ৫-০ গোলে হারিয়েছিল। সেবারের ১৬ দলের লিগে চ্যাম্পিয়নও হয়েছিল সান্ডারল্যান্ড। আর ম্যানচেস্টার ইউনাইটেডের স্থান হয়েছিল লিগ টেবিলের একেবারে তলানিতে। এবারের লিগে আরও ৪টি অ্যাওয়ে ম্যাচ বাকি ম্যানইউর। যার শেষটি আবার সান্ডারল্যান্ডের সঙ্গে। ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে কি?