অ্যাজাক্সকে নিয়ে খেলল মোহামেডান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের দিন ঢাকা ব্যাংক ক্লাব কাপ হকির উদ্বোধনী ম্যাচে আবাহনী ৭-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ পুলিশকে। এবার অনেক শক্তিশালী দল গড়া মোহামেডানও কাল দেখিয়ে দিল তাদের শক্তি। দুর্বল অ্যাজাক্সকে নিয়ে রীতিমতো খেলে তাদের হারাল ৯-০ গোলে।বিকেএসপির তরুণদের নিয়ে গড়া আবাহনীর বিপরীতে এবার কাগজে-কলমে তারকাদের দল মোহামেডান। আবাহনী থেকেই নিয়ে এসেছে রাসেল মাহমুদ (জিমি), মুসা মিয়া, মামুনুর রহমানের (চয়ন) মতো অভিজ্ঞ খেলোয়াড়দের। এমন একটা দলের গোল-উৎসব করাই উচিত। অ্যাজাক্সকে তাই নাকানিচুবানি খেতে হলো। রাসেল মাহমুদ ৩টি, মামুনুর রহমান ও জাহিদুল ২টি করে গোল করেছেন। কামরুজ্জামান (রানা) ও আরিফুল হকের (প্রিন্স) গোল ১টি করে। প্রথম ম্যাচই ইঙ্গিত দিল, মোহামেডানে আরিফুল হকের সঙ্গে রাসেল মাহমুদের জুটিটা এবার জমবে ভালো। মাঝমাঠে মুসা, রানা, রাহুলদের কাছ থেকে ভালোই সমর্থন পাবেন। মোহামেডানের প্রথম গোলটি আসে ১১ মিনিটে; পেনাল্টি কর্নার থেকে করেন জাতীয় দলের পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ মামুনুর। পরের মিনিটে আরেকটি পেনাল্টি কর্নার, গোল করেন জাহিদুল ইসলাম (রাজন)। দুই মিনিট পর মোহামেডানের হয়ে নিজের প্রথম ও দলের তৃতীয় গোল করেন রাসেল মাহমুদ। ২৫ মিনিটে নায়ক রাসেলই গোল করেন পেনাল্টি স্ট্রোক থেকে। ২৭ ও ২৯ মিনিটে মোহামেডানের ব্যবধান আরও বাড়িয়ে নেন আরিফুল ও কামরুজ্জামান। প্রথমার্ধে ৬-০-তে এগিয়ে থাকা মোহামেডান দ্বিতীয়ার্ধে একটু রক্ষণাত্মক হয়ে যায়। তারপরও ৪৮, ৫০ ও ৬৭ মিনিটে তিনটি গোল পেয়ে যান জাহিদুল, রাসেল মাহমুদ ও মামুনুর। তিনটিই পেনাল্টি কর্নার গোল। ৫২ মিনিটে মাথায় বলের আঘাত পেয়ে মাঠের বাইরে যান নিয়মিত গোলকিপার ইমরান হোসেন। বাকি সময়টুকু গোলবার আগলানো দ্বিতীয় গোলকিপার গোলাম মোস্তফাকেই বেশি আত্মবিশ্বাসী মনে হয়েছে।বড় জয়ে মৌসুম শুরু করতে পেরে সন্তুষ্ট কোচ বরকতউল্লাহ চপল, ‘আমি ছেলেদের খেলায় সন্তুষ্ট। শুধু ক্লাব কাপই নয়, লক্ষ্য আমাদের লিগ শিরোপাও। সেভাবেই প্রতিটি ম্যাচে খেলতে চাই।’