অ্যাটলেটিকো-বার্সা ম্যাচই'ফাইনাল'

ভিসেন্তে ক্যালদারনে আজ উত্সবটা হতে গিয়েও হলো না অ্যাটলেটিকো সমর্থকদের। বার্সেলোনা এলচের বিপক্ষে গোলশূন্য ড্র করায় মালাগার বিপক্ষে জয়ই তাদের পৌঁছে দিতে পারতো লিগ জয়ের মঞ্চে। কিন্তু ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে আদ্রিয়ানোর শট মালাগার গোলরক্ষক উইলি ক্যালবেরো দারুণ দক্ষতায় ফিরিয়ে দিয়ে লা লিগার প্রাণ ধরে রাখলেন শেষ দিন অবধি। আগামী সপ্তাহে বার্সেলোনার বিপক্ষে ন্যু ক্যাম্পে অ্যাটলেটিকোর লড়াইই ঠিক করবে এই মৌসুমে লা লিগার শিরোপা-ভাগ্য।
বার্সেলোনার বিপক্ষে ৩ পয়েন্ট এগিয়ে থেকে আজ নিজেদের মাঠে মালাগার মুখোমুখি হয়েছিল অ্যাটলেটিকো। একই সময়ে এস্তাদিও মার্তিনেজ ভ্যালেরো, অর্থ্যাত্ এলচের মাঠেই তাদের বিপক্ষে খেলতে নেমেছিল বার্সেলোনা। কিন্তু লিগের নিচের সারির দলটি পুরোটা সময় হতাশই করে গেছে জাভি-ইনিয়েস্তা-মেসিদের। শিরোপার লড়াইয়ে অ্যাটলেটিকোর সঙ্গে টক্কর দিতে চোখ বুজে একটা বড় জয় যেখানে প্রয়োজন ছিল সেখানে প্রতিপক্ষের জালে একটাও বল জড়াতে পারলো না বার্সেলোনা!
বার্সা যখন এলচের বিপক্ষে গোলের জন্য মাথা কুটে মরছে, ঠিক তখনই নিজেদের মাঠে মালাগার বিপক্ষে প্রথমে পিছিয়েই পড়েছিল অ্যাটলেটিকো। ৬৫ মিনিটে গোল খেয়ে গেলেও ঠিক ৯ মিনিট পরেই টবি অ্যালডারভিরেল্ডের গোলে সমতা ফিরিয়ে নিয়ে এসে রীতিমতো হাঁপ ছেড়ে বাঁচে তারা। তবে শেষ দিকে মালাগার ওপর চাপ তৈরি করেও জয়টা আদায় করতে না পারায় নিজেদের শিরোপা-ভাগ্যকে কিছুটা অনিশ্চয়তার দিকেই ঠেলে দিয়েছে অ্যাটলেটিকো। যদিও পরের সপ্তাহে বার্সেলোনার বিপক্ষে ড্র করলেই কেল্লা-ফতে, তবুও ন্যু ক্যাম্পে কাতালানদের সঙ্গে লড়াইটা যে সহজ হবে না সেটা তো জানা কথাই।
এদিকে, সেল্টা-ভিগোর কাছে অপ্রত্যাশিতভাবে ২-০ গোলে হেরে লা লিগার শিরোপার দৌড় থেকে নিজেদের ‘প্রত্যাহার’ই করে নিয়েছে রিয়াল মাদ্রিদ।
আজ নিজেদের ম্যাচগুলোয় পয়েন্ট ভাগাভাগি করায় পয়েন্ট তালিকায় অ্যাটলেটিকো ও বার্সেলোনার অবস্থানের কোনো পরিবর্তন আসেনি। দুটো দলই ড্র করায় ন্যু ক্যাম্পে পরের সপ্তাহে এদের মধ্যে অনুষ্ঠিত ম্যাচটিই লা লিগার ‘ফাইনাল’ হিসেবে ধরে নেওয়া যেতে পারে। শিরোপা জিততে হলে ওই ম্যাচটা জিততেই হবে বার্সেলোনাকে। ড্র করলেই ১৯৯৬ সালের পর প্রথমবারের মতো শিরোপা নিজেদের করে নিতে পারবে অ্যাটলেটিকো। বার্সেলোনা ম্যাচটি জিতলে তাদের পয়েন্ট অ্যাটলেটিকোর সমান হলেও কাতালানরা শিরোপা জিতবে মুখোমুখি লড়াইয়ে শ্রেয়তর রেকর্ডের কল্যাণে। উল্লেখ্য, গত জানুয়ারি ভিসেন্তে ক্যালদেরনে বার্সা-অ্যাটলেটিকো ম্যাচটি শেষ হয়েছিল গোলশূন্যভাবে। অ্যাটলেটিকো শিরোপা জিতলে তা হবে রিয়াল-বার্সার বাইরে ২০০৪ সালের পর তৃতীয় কোনো শক্তির শিরোপা জয়। দশ বছর আগে শেষবারের মতো লা লিগায় রিয়াল-বার্সার বাইরে থেকে শিরোপা জিতেছিল ভ্যালেন্সিয়া।
অ্যাটলেটিকো-মালাগা ম্যাচে প্রথম ৬৪ মিনিট গোলশূন্য থাকার পর স্যামুয়েল সানচেজের গোলে এগিয়ে যায় মালাগা। ৭৪ মিনিটে খেলায় সমতা ফিরিয়ে নিয়ে আসেন অ্যালডারভিরেল্ড। তবে খেলার শেষ দিকে আদ্রিয়ানোর শটটিই বুকে বেশি করে বাজবে অ্যাটলেটিকো সমর্থকদের। বক্সের মাথায় থেকে নেওয়া তাঁর দারুণ শটটি মালাগা গোলরক্ষক ফেরাতে না পারলে আজই হয়তো লিগ জয়ের আনন্দে ভেসে যেতে পারতো গোটা ক্যালদারন।
এলচের বিপক্ষে বার্সেলোনা জিততে পারেনি নিজেদের ব্যর্থতাতেই। এই মৌসুম পুরোটা জুড়েই এই অভিযোগ বার্সা ফরোয়ার্ডদের বিপক্ষে ছিল। আজ এলচের বিপক্ষে সেটাই নতুন করে দেখালেন তারা। রয়টার্স।