ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি ফুটবলার। চুক্তির অঙ্কটা অনেকের কাছেই বাড়াবাড়ি মনে হলেও রিয়াল মাদ্রিদের বিনিয়োগটা যে অপাত্রে নয়, সেটা প্রমাণ করেই চলেছেন গ্যারেথ বেল। পরশু অসাধারণ এক গোল করে ওয়েলশ উইঙ্গার নিজের জাতটা চেনালেন আরেকবার।
চোটের কারণে দলে ছিলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। নিজ নিজ ম্যাচ জিতে অ্যাটলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনাও রিয়ালের ওপর চাপটা দিয়েছিল বাড়িয়ে। ভিয়ারিয়ালকে ১-০ গোলে হারিয়ে অ্যাটলেটিকো এগিয়ে যায় ৬ পয়েন্টে, রিয়াল বেটিসকে ৩-১ গোলে হারানো বার্সা ৫ পয়েন্টে। এ অবস্থায় পা হড়কালেই ধূসর হয়ে যেত রিয়ালের শিরোপাস্বপ্ন। নিজেদের মাঠে লড়াকু সোসিয়েদাদ সেই হুমকি দিচ্ছিলও। তবে বেল-জাদুতে শেষ পর্যন্ত রিয়াল ম্যাচটি জিতেছে ৪-০ গোলে।
৬৬ মিনিটে বেলের গোলটা অবশ্য দলের দ্বিতীয়। প্রথমার্ধের শেষ দিকে সাবেক ক্লাবের বিপক্ষে গোল করে রিয়ালকে প্রথম এগিয়ে দেন ইয়ারামেন্দি। তবে সমানতালে লড়ে যাওয়া সোসিয়েদাদের জন্য আসল আঘাত ছিল বেলের গোলটাই। ৩৫ গজ দূর থেকে বাঁ পায়ে দর্শনীয় গোল করেন বেল, তবে সোসিয়েদাদ গোলরক্ষক ক্লদিও ব্রাভোরও আছে দায়! ব্রাভো ওপরে উঠে এসে বল বাড়ান সতীর্থ ডিফেন্ডারের উদ্দেশে। কিন্তু বলটা সরাসরি যায় বেলের পায়ে। ব্রাভো জায়গায় পৌঁছানোর আগেই বেলের নিচু শট পোস্টের কোনা ঘেঁষে জালে! মানসিকভাবে ভেঙে পড়া সোসিয়েদাদের জালে পরে বল জড়িয়েছেন পেপে এবং বেলের বদলি নামা মোরাতা। রিয়ালের জয়ে শিরোপা লড়াইটা জমজমাটই থাকল। শীর্ষে থাকা অ্যাটলেটিকোর পয়েন্ট ৩২ ম্যাচে ৭৯, বার্সার ৭৮, রিয়ালের ৭৬।
ন্যু ক্যাম্পে বার্সেলোনার সন্ধ্যাটা ছিল সৌভাগ্যের। দলের তিন গোলের একটি পেনাল্টি থেকে, একটি পেনাল্টিজাত, একটি আত্মঘাতী! ১৫ মিনিটে পেনাল্টি থেকে মেসির প্রথম গোল। ৬৭ মিনিটে বেটিস ডিফেন্ডার জর্ডি মনটেলের আত্মঘাতী গোলে ২-০! পরের মিনিটেই বেটিসকে খেলায় ফেরান রুবেন কাস্ত্রো। কিন্তু ৮৬ মিনিটে আবারও পেনাল্টি পায় বার্সা। মেসির কিক ঠেকিয়ে দেন বেটিস গোলরক্ষক আন্তোনিও আদান। মেসির ফিরতি শটেও হাত লাগিয়েছিলেন আদান, কিন্তু থামাতে পারেননি।
ইংলিশ প্রিমিয়ার লিগে পরশু স্টোক সিটিকে ৩-০ গোলে হারিয়ে শীর্ষে উঠেছিল চেলসি। তবে গতকাল ওয়েস্ট হামকে ২-১ গোলে হারিয়ে আবার শীর্ষে উঠে গেছে লিভারপুলই। পেনাল্টি থেকে লিভারপুলের দুটো গোলই করেছেন অধিনায়ক স্টিভেন জেরার্ড। তবে আবারও হেরেছে আর্সেনাল। কাল এভারটনের কাছে ৩-০ গোলের হারে একসময় শিরোপার স্বপ্ন দেখা আর্সেনালের এখন চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়াই সংশয়ে!
পরশু চেলসির সঙ্গে জয় পেয়েছে দুই ম্যানচেস্টার সিটি এবং ইউনাইটেডও। সিটি সাউদাম্পটনকে হারিয়েছে ৪-১ গোলে। নিউক্যাসলের বিপক্ষে ৪-০ জয়ে ইউনাইটেড সেরে রেখেছে বুধবারের চ্যাম্পিয়নস লিগের প্রস্তুতি। ডেভিড ময়েসের দলের জন্য সুখবর, তাদের চ্যাম্পিয়নস লিগ প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ অবশেষে হেরে গেছে লিগে। লিগে বায়ার্নের ৫৩ ম্যাচ অপরাজিত থাকার দৌড় থামিয়ে দিয়েছে অগসবুর্গ, জিতেছে ১-০ গোলে। বায়ার্ন লিগে সর্বশেষ হেরেছিল ২০১২ সালের অক্টোবরে। রেকর্ড সাত ম্যাচ বাকি থাকতে শিরোপা নিশ্চিত হওয়ার পরের ম্যাচেই ড্র, এবার হার। আত্মতুষ্টিই কী পেয়ে বসল বায়ার্নকে? ওদিকে ফ্রেঞ্চ লিগে রেসের বিপক্ষে ৩-০ জয়ে শিরোপা প্রায় দেখতেই পাচ্ছে পিএসজি। এএফপি।