অ্যাটলেটিকো মিনেইরোতে রোনালদিনহো
পালমেইরাসের বিপক্ষে ফ্লামেঙ্গোর মামলা করার হুমকির কোনো অর্থই থাকল না। কারণ পালমেইরাসে নয়, রোনালদিনহো নাম লেখালেন ব্রাজিলেরই ক্লাব অ্যাটলেটিকো মিনেইরোতে। আদালতের রায়ে ফ্লামেঙ্গোর চুক্তি থেকে মুক্তি পাওয়ার চার দিনের মাথায়ই রোনালদিনহো চুক্তি করে ফেললেন বেলো হরিজন্তের ক্লাবটিতে।ফ্লামেঙ্গোর সঙ্গে ২০১৪ পর্যন্ত চুক্তি থাকলেও আদালতের রায়ে গত সপ্তাহে শেষ হয়ে যায় এই চুক্তি। এরই মধ্যে গুঞ্জন ওঠে, পালমেইরাসের সঙ্গে চুক্তি করছেন রোনালদিনহো। ফ্লামেঙ্গোও হুমকি দেয়, রোনালদিনহোর সঙ্গে চুক্তি করলে তারা পালমেইরাসের বিরুদ্ধে মামলা করবে। ফ্লামেঙ্গোর অভিযোগ, পালমেইরাস আইন ভঙ্গ করে রোনালদিনহোর সঙ্গে সরাসরি যোগাযোগ করেছে।দুই দিন পরই পরিষ্কার হয়ে গেল, ওসব সত্যি নয়। ৩২ বছর বয়সী মিডফিল্ডারের সঙ্গে মিনেইরোর চুক্তিটা হয়ে গেছে গত পরশু। চুক্তিটা এক বছরের, তবে টাকার অঙ্কটা অপ্রকাশিত। ওই দিনই নতুন সতীর্থদের সঙ্গে অনুশীলন করেছেন দুবারের ফিফা বর্ষসেরা ফুটবলার। চুক্তির পর সংবাদ সম্মেলনে রোনালদিনহো বলেছেন, ‘শিরোপা জিততেই ব্রাজিলে ফিরেছি আমি এবং এখন আমার সামনে নতুন সুযোগ।’ শিরোপা জয়ের চ্যালেঞ্জটা কঠিনই হবে। সেই ১৯৯৭ সালের পর বড় কোনো শিরোপা জেতেনি মিনেইরো। দেশের শীর্ষ লিগে একমাত্র শিরোপা সেই ১৯৭১ সালে।ফ্লামেঙ্গো মামলা করবে কি, দুই কোটি ডলার বকেয়া বেতন-বোনাসের দাবিতে রোনালদিনহোই উল্টো ফ্লামেঙ্গোর বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন। যদিও আবার বলছেন, ‘ফ্লামেঙ্গোতে কী ঘটেছে, তা এখন অতীত। আমার সামনে এখন নতুন চ্যালেঞ্জ ও অ্যাটলেটিকোর সঙ্গেই আমার ভবিষ্যৎ।’ ওয়েবসাইট।