অ্যাটলেটিকো-রথ ছুটছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক ফ্রেমে অ্যাটলেটিকো মাদ্রিদের দুই গোলদাতা ডিয়েগো কস্তা ও গডিন। পরশু লেভান্তের সঙ্গে ম্যাচে । এএফপি
এক ফ্রেমে অ্যাটলেটিকো মাদ্রিদের দুই গোলদাতা ডিয়েগো কস্তা ও গডিন। পরশু লেভান্তের সঙ্গে ম্যাচে । এএফপি

লা লিগাকে বরাবরই ‘দুই ঘোড়ার দৌড়’ বলা হয়। বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদের বাইরে সেই ২০০৩-০৪ মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছে ভ্যালেন্সিয়া। সেই কীর্তির পুনরাবৃত্তি এবার হবে কি না, সেটা এখনই বলা মুশকিল। তবে অ্যাটলেটিকো মাদ্রিদ এবার যেন জানাচ্ছে, লা লিগাকে দুই ঘোড়ার দৌড় বলার দিন শেষ। তিন নম্বর ঘোড়া হিসেবে শিরোপার দাবিদার তারা।
পরশু লেভান্তেকে ৩-২ গোলে হারিয়ে লিগের শীর্ষে উঠে গিয়েছিল অ্যাটলেটিকো। কাল গেটাফেকে ৫-২ গোলে হারিয়ে শীর্ষস্থানটা পুনরুদ্ধার করেছে মেসি-নেইমারবিহীন বার্সেলোনা, যদিও গোল ব্যবধানে। তবে এক দিনের জন্য হলেও ১৯৯৬ সালের পর এই প্রথম লিগে সবার ওপরে উঠল অ্যাটলেটিকো। বড়দিনের উৎসবের আগে কোচ ডিয়েগো সিমিওনে এর চেয়ে ভালো উপহার আর চাইতে পারতেন না!
জয়ের জন্য সবার আগে ধন্যবাদটা প্রাপ্য ডিয়েগো কস্তার। ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন ব্রাজিলিয়ান বংশোদ্ভূত স্প্যানিশ স্ট্রাইকার, এদিন আবারও জোড়া গোল করে লিগে সর্বোচ্চ গোলদাতা হয়ে গেলেন। তাঁর গোল ১৯টি, ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়েও দুটি বেশি। সিমিওনে এ ম্যাচের শেষে কস্তার প্রশংসায় পঞ্চমুখ, ‘আমাকে বলতেই হবে, সে অসাধারণ একটা ম্যাচ খেলেছে। যদি ব্যালন ডি’অরের শেষ সময়টা বাড়ানো হতো, তার নামটা চলে আসত। আশা করি, পরের বছর সে এটা জেতার আরেকটু কাছাকাছি যাবে।’
কাল পেদ্রো রদ্রিগেজের হ্যাটট্রিকে ০-২ গোলে পিছিয়ে পড়া বার্সা জিতেছে বড় ব্যবধানে। নিশ্চিত করেছে ২০১৩ সালটা শীর্ষে থেকেই শেষ করা। ঘরের মাঠে সার্জিও এসকুদেরো ও লিসান্দ্রো লোপেজের গোলে ১৪ মিনিটেই ২-০ গোলে এগিয়ে যায় গেটাফে। তবে মধ্যবিরতির আগেই ৮ মিনিটের মধ্যে ৩ গোল করে বার্সেলোনাকে এগিয়ে নেন পেদ্রো। লা লিগায় এবার দুটি হ্যাটট্রিক হয়ে গেল স্প্যানিশ ফরোয়ার্ডের। বার্সার অন্য দুটি গোল ফ্যাব্রিগাসের। এএফপি।