অ্যাটলেটিকোর কাছে হেরেই গেল রিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসি-রোনালদোর এমন ছবি দেখা যায় আকছার। ডিয়েগো কস্তাকেও এই মৌসুমে হয়তো নিয়মিতই এভাবে দেখতে পাবেন। পরশু মাদ্রিদ ডার্বিতে গোল করে অ্যাটলেটিকোকে জিতিয়েছেন, মেসির সঙ্গে লা লিগার যৌথ সর্বোচ্চ গোলদাতা এখন এই স্ট্রাইকার  এএফপি
মেসি-রোনালদোর এমন ছবি দেখা যায় আকছার। ডিয়েগো কস্তাকেও এই মৌসুমে হয়তো নিয়মিতই এভাবে দেখতে পাবেন। পরশু মাদ্রিদ ডার্বিতে গোল করে অ্যাটলেটিকোকে জিতিয়েছেন, মেসির সঙ্গে লা লিগার যৌথ সর্বোচ্চ গোলদাতা এখন এই স্ট্রাইকার এএফপি

ডিয়েগো সিমিওনে লোকটা যেন বিনয়ের অবতার।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে তাঁকে ঘুরিয়ে-পেঁচিয়ে অনেকবার জিজ্ঞেস করা হলো, এই মৌসুমে অ্যাটলেটিকো মাদ্রিদ কি শিরোপার দাবিদার?
অ্যাটলেটিকো কোচের একই জবাব, ‘৩৮ ম্যাচের লিগ অনেক লম্বা। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের যে আর্থিক শক্তি আর খেলোয়াড়দের মান তাতে পুরোটা সময় ওদের সঙ্গে পাল্লা দেওয়া সম্ভব নয়। আমরা বরং ম্যাচ ধরে ধরে এগোতে চাই।’
ঠিক একই কথা সিমিওনে বলেছিলেন মৌসুমের শুরুতে এবং পরশু রাতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের আগেও।
এমনিতে কথাটা সত্যি। ‘দুই ঘোড়ার দৌড়’ হয়ে যাওয়া লা লিগায় রিয়াল-বার্সার বাইরে অন্য কোনো দল চ্যাম্পিয়ন হয়েছিল প্রায় এক দশক আগে (ভ্যালেন্সিয়া ২০০৩-০৪ মৌসুমে)। ফুটবল অনুরাগীদের এ তথ্য জানা। তার পরও কেন সিমিওনে বারবার এই কথা বলছেন?
আসলে প্রতিপক্ষের সঙ্গে এটাও এক ধরনের মনস্তাত্ত্বিক খেলা। মাঠে নামার আগেই জানিয়ে দেওয়া—তোমরা ফেবারিট, চাপটা তোমাদের ওপর বেশি।
প্রতিপক্ষের ওপর সেই চাপ দিয়ে নিজেরা নির্ভার হয়ে যাওয়াটা যদি সিমিওনের কৌশল হয়ে থাকে, তাহলে সেই কৌশল পরশু রাতেও কাজে দিয়েছে। মাদ্রিদ ডার্বিতে তাঁর দল ডিয়েগো কস্তার একমাত্র গোলে হারিয়েছে পরাশক্তি রিয়াল মাদ্রিদকে। ১৯৯৯ সালের পর লিগে নগরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে প্রথম জয়। সিমিওনের অধীনে লিগে প্রথম সাত ম্যাচের সবগুলো জিতে ক্লাব ইতিহাসের সবচেয়ে ভালো শুরু হলো অ্যাটলেটিকোর। দুই পরাশক্তির মধ্যে বার্সেলোনা সাত ম্যাচের সবগুলো জিতলেও রিয়াল এরই মধ্যে একটি ড্র ও একটি হারে ৫ পয়েন্ট পিছিয়ে। সিমিওনে তাঁর কৌশলগত কারণে অস্বীকার করতে পারেন, কিন্তু এই মৌসুমে আটলেটিকোকেও শিরোপার দাবিদার বলতে হবে।
সান্তিয়াগো বার্নাব্যুতে অ্যাটলেটিকো যোগ্য দল হিসেবেই জিতেছে এটা স্বীকার করেছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তিও, ‘জয়টা ওদেরই পাওনা ছিল। ওরা দেখিয়েছে যে ওদের দলটা খুবই গোছানো এবং প্রতিভারও কমতি নেই।’
১১ মিনিটে আঙ্গেল ডি মারিয়ার ভুলে রিয়ালের অর্ধে বল পেয়ে গিয়েছিলেন ফিলিপে লুইস। কোকে হয়ে সেটি যায় ডিয়েগো কস্তার দিকে। গোল করতে ভুল করেননি অ্যাটলেটিকোর স্ট্রাইকার। লিগে এটা তাঁর ৮ নম্বর গোল। লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে এখন পর্যন্ত লা লিগার সর্বোচ্চ গোলদাতাও তিনি। ব্রাজিলিয়ান স্ট্রাইকার যেন আসলেই ক্যারিয়ারের সেরা সময়টা কাটাচ্ছেন।
যে ম্যাচে শেষ পর্যন্ত কস্তা-কোকেরা নায়ক হয়ে গেলেন সেখানে আলো ছড়ানোর কথা ছিল ক্রিস্টিয়ানো রোনালদো আর গ্যারেথ বেলদের। চোট কাটিয়ে অবশেষে লিগে ওয়েলস উইঙ্গারের ঘরের মাঠে অভিষেক হয়েছে। কিন্তু দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে ম্যাচের ফল বদলানোর মতো কিছু করতে পারেননি তিনি। অন্যদিনের তুলনায় ম্লান ছিলেন রোনালদোও। কোচের মতোই তিনিও স্বীকার করেছেন, ম্যাচটা অ্যাটলেটিকো জিতেছে যোগ্য দল হিসেবে। তবে একটা হারে বেশি কিছু বদলে গেছে বলে মনে করেন না তিনি, ‘এটিকে এত নাটকীয় মাত্রা দেওয়ার কিছু নেই। আমাদের আরও পরিশ্রম করতে হবে এবং মাথা উঁচু করে পরের ম্যাচগুলো খেলতে হবে। কারণ এই মৌসুমে অনেক কিছু জিততে হবে।’ এএফপি।