অ্যাটলেটিকোর পুনর্জন্ম
খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়লেন ডিয়েগো কস্তা, চোখে জল। সাইডলাইনের বাইরে বুকে জড়িয়ে সান্ত্বনা দিলেন ডিয়েগো সিমিওনে। ম্যাচের বয়স তখন ১৫ মিনিট। ৮ মিনিট পর একই দৃশ্য৷ আবার খুঁড়িয়ে মাঠ ছাড়া, চোখে জল। সিমিওনের সান্ত্বনা। তবু না-থামা কান্না। এবার আরদা তুরান।
৭০ মিনিট পর আবার কাঁদলেন কস্তা-তুরান। একইভাবে ঝরছে চোখের জল, দুটি দৃশ্যে তবু যেন কত পার্থক্য। প্রথমবার ছিল লড়াই থেকে ছিটকে পড়ার হতাশা। পরের বার? চোখে পানি, কিন্তু মুখে হাসি! ওই জল আনন্দের, খুশির, উচ্ছ্বাসের। তাই তো আনন্দ-কান্নায় সঙ্গী আরও অনেক সতীর্থ, গডিন-গার্সিয়া-গ্যাবি...!
কেউ কেউ তখন ছুটে গেছেন ন্যু ক্যাম্পের এক কোনায়, যেখানে বাঁধনহারা উচ্ছ্বাসে লাফালাফি আর চিৎকার করছিল মাদ্রিদ থেকে আসা ভক্ত-সমর্থকেরা। সিমিওনে তখন যেন বুঝে উঠতে পারছিলেন না কী করবেন। একে জড়িয়ে ধরছেন, ওর পিঠ চাপড়ে দিচ্ছেন। আবার ডাগ-আউটে বসে আপন মনেই হাসছেন। শিষ্যরা যখন শূন্যে ছুড়ে দিলেন কোচকে, সিমিওনের হাসি দেখে মনে হচ্ছিল যেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ।
ন্যু ক্যাম্পের উৎসব যখন শেষের পথে, সোয়া তিন শ মাইল দূরের নেপচুনো স্কয়ারে তখন লাল-সাদা স্ট্রাইপ জার্সি গায়ে জড়ো হয়েছে হাজার হাজার মানুষ। মাদ্রিদ শহরের কেন্দ্রে, সমুদ্র-দেবতার ভাস্কর্য ফোয়ারার এই নেপচুনো স্কয়ার এতটা প্রাণবন্ত হয়নি গত দেড় যুগে। অবশেষে অবসান ১৮ বছরের সেই যন্ত্রণাময় অপেক্ষার। পরশু নেপচুনোর অনেক দূর থেকেও শোনা যাচ্ছিল গগনবিদারী চিৎকার—‘অ্যাটলেটি’, ‘অ্যাটলেটি।’ আবার লা লিগা চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ!
লিগ শুরুর আগে বললে কজনই বা বিশ্বাস করত এটি! গত ১০ বছরে রিয়াল-বার্সার জাল ছিঁড়ে লা লিগা জিততে পারেনি কোনো ক্লাব। অর্থনৈতিক মন্দার ছোবলে মাঝারি ক্লাবগুলো ক্রমে হয়েছে দিশেহারা, বিশ্বব্যাপী ব্র্যান্ডিংয়ের জোরে রিয়াল-বার্সা ফুলে-ফেঁপে উঠেছে আরও। অসম টিভি সম্প্রচার চুক্তিতে আয়ের ৫০ শতাংশই নিয়ে যায় রিয়াল-বার্সা মিলে। ছোট আর মাঝারি ক্লাবগুলো তাই টিকে থাকতে বেচে দিয়েছে নিজেদেরই জন্ম দেওয়া একেকজন তারকা। এই অ্যাটলেটিকোই গত কয়েক বছরে হারিয়েছে আগুয়েরো-তোরেস-ফোরলান-ডি গেয়া-ফ্যালকাওদের। বড় তারকাহীন এই দলটিই এবার কাঁপিয়ে দিল ইউরোপিয়ান ফুটবল। আবারও প্রতিষ্ঠিত করল ফুটবলের চিরন্তন মন্ত্র—দলীয় ঐক্য। ম্যাচ শেষে সেটাই বলছিলেন নজরকাড়া গোলকিপার কোর্তোয়া, ‘আমাদের হয়তো বিশ্বসেরাদের কেউ নেই, তবে আছে ভালো কয়েকজন ফুটবলার যারা এক হয়ে খেলে দলের জন্য।’
সবাইকে এক সুতোয় গাঁথার নেপথ্য নায়ক অবশ্যই সিমিওনে। সর্বশেষ যখন লা লিগা জিতেছিল অ্যাটলেটিকো, দলের প্রাণভোমরা ছিলেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার। এবার কোচের ভূমিকায় এনে দিলেন ভুলে যাওয়া স্বাদ। ২০১১ সালের ক্রিসমাসের দুই দিন আগে যখন দায়িত্ব নেন, অবনমন-সীমানার খুব কাছে ক্লাব। কোপা ডেল রে থেকে বিদায় নিয়েছিল তৃতীয় বিভাগের দল আলবেসেতের কাছে হেরে। দুঃস্বপ্নের প্রহর কাটিয়ে সিমিওনে দলকে পৌঁছে দিলেন স্বপ্নের ঠিকানায়।
টেকনিক্যালি দলটিকে দারুণ শক্তিশালী করে তুলেছেন সিমিওনে, ম্যাচের পর ম্যাচ তাঁর দুর্দান্ত ট্যাকটিক্যাল জ্ঞানের প্রমাণ তো ছিলই। মৌসুমজুড়ে শিষ্যদের মনোবল চাঙা রাখার কঠিন কাজটি করে গেছেন দারুণভাবে। পরশুর বার্সার বিপক্ষে ১-১ ড্র ম্যাচটি যেন গোটা মৌসুমেরই প্রতীকী।
২৩ মিনিটের মধ্যেই চোটে দলের সেরা দু্ই ফুটবলারকে হারায় অ্যাটলেটিকো। দুরূহ কোণ থেকে অ্যালেক্সিস সানচিজের অসাধারণ গোলে পিছিয়ে পড়ে প্রথমার্ধে। জিতলে লা লিগায় চ্যাম্পিয়ন, বার্সা সমর্থকেরা নড়েচড়ে বসল৷ কিন্তু ম্যাচের পর সেই সমর্থকেরা স্তব্ধ৷ দ্বিতীয়ার্ধের শুরু থেকে তেড়েফুঁড়ে আক্রমণে অ্যাটলেটিকো৷ মৌসুমজুড়ে প্রতিপক্ষের ফরোয়ার্ডদের সামনে যিনি দাঁড়িয়েছেন দেয়াল হয়ে, সেই উরুগুইয়ান ডিফেন্ডার ডিয়েগো গডিন দুর্দান্ত হেডে দলকে উপহার দিয়েছেন মহামূল্য এক গোল।
সিমিওনের কণ্ঠে ম্যাচ শেষে উচ্ছ্বাস, ‘ক্লাবের ইতিহাসে আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। আমরা ইতিহাস গড়েছি। প্রমাণ করেছি কঠোর প্ররিশ্রম ও একতায় সবই সম্ভব। দুই দিন উৎসব করব আমরা। সোমবার থেকে শুরু হবে শনিবারের প্রস্তুতি।’
শনিবার কী, খেয়াল আছে তো? নগর প্রতিপক্ষ রিয়ালের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল! এএফপি, রয়টার্স৷
১৮
বছর পর আবার লা লিগায় চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো
১০
অ্যাটলেটিকোর দশম লা লিগা শিরোপা, রিয়াল (৩২), বার্সার (২২) পর সফলতম ক্লাব
৯০
লা লিগায় নিজেদের রেকর্ড পয়েন্ট পেল এবার অ্যাটলেটিকো, আগের সর্বোচ্চ ছিল ৮৭