অ্যাটলেটিকোর হার, শিরোপা স্বপ্ন উজ্জ্বল রিয়ালের

অতি সতর্ক হতে গিয়ে অনেক সময় মাত্রাতিরিক্ত স্নায়ুচাপে পড়তে হয়। এ কারণে সহজ কাজটিও তখন হয়ে যায় কঠিন। অ্যাটলেটিকো মাদ্রিদের ক্ষেত্রেও কি তাই হলো? শিরোপা প্রত্যাশী অ্যাটলেটিকো হোঁচট খেল লা লিগার ১০ নম্বর দল লেভান্তের কাছে। ডিয়েগো সিমিওনের দল ২-০ ব্যবধানে হেরে যাওয়ায় আদতে উপকার হয়েছে রিয়াল মাদ্রিদের। এতে কার্লো আনচেলত্তির দলের শিরোপা স্বপ্ন উজ্জ্বল হয়েছে।
ম্যাচের ৭ মিনিটেই ফিলিপে লুইসের আত্মঘাতী গোলে কপাল পোড়ে অ্যাটলেটিকোর। সিমিওনের দলের সর্বনাশ হয় ৬৯ মিনিটে ডেভিড বারালের গোলে। চূড়ান্ত স্কোরলাইন লেভান্তে ২: ০ অ্যাটলেটিকো।
এ পরাজয়ের পর ৩৬ ম্যাচ ৮৮ পয়েন্টে শীর্ষে রয়েছে অ্যাটলেটিকো। সমান সংখ্যক ম্যাচে দ্বিতীয় অবস্থানে থাকা বার্সেলোনার পয়েন্ট ৮৫। ৩৪ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৮২। এ মৌসুমে অ্যাটলেটিকো ও বার্সার ম্যাচ রয়েছে দুটি। সেখানে রিয়ালের ম্যাচ রয়েছে চারটি। এর মধ্যে আবার মৌসুমে নিজেদের শেষ ম্যাচে (১৮ মে) মুখোমুখি হবে বার্সা ও অ্যাটলেটিকো। ফলে অবশিষ্ট সবগুলো ম্যাচ জিতলে রিয়ালের লিগ শিরোপা জেতার স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনাই বেশি। আজ রাত ১টায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামবে রিয়াল।