অ্যাটলেটিকোর হারের রাতে ধাক্কা খেল রিয়ালও

নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো হেরে যাওয়ার প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারল না রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠে কাল ভ্যালেন্সিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে লস ব্লাঙ্কোসরা।
ড্র করেছে না বলে বরং বলা উচিত, রিয়াল কাল হারতে হারতেই বেঁচেছে। খেলার ৪৪ মিনিটে জার্মেই ম্যাথিউর গোলে এগিয়ে গিয়েছিল ভ্যালেন্সিয়া। ৫৯ মিনিটে সার্জিও রামোসের গোলে সমতা ফেরালেও ৬৫ মিনিটে প্যারাজোর গোলে আবারও এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। খেলার একেবারে শেষ মুহূর্তে ক্রিস্টিয়ানো রোনালদো ত্রাণকর্তা না হয়ে উঠলে হয়তো হার নিয়েই মাঠ ছাড়তে হতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালিস্টদের।
রোববার ঘরের মাঠে লেভান্তের কাছে হেরেও লা লিগার শীর্ষস্থান ধরে রেখেছে অ্যাটলেটিকো। তাদের পয়েন্ট ৮৮। শনিবার গেটাফের বিপক্ষে ২-২ গোলে ড্র করে ৮৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৮৩ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে আছে রিয়াল।
খেলার চতুর্থ মিনিটেই এগিয়ে যেতে পারত রিয়াল। রোনালদোর শট ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন ভ্যালেন্সিয়ার গোলরক্ষক আলভেস।
এরপর সবচেয়ে ভালো সুযোগটি নষ্ট করেন করিম বেনজেমা। রোনালদো ও গ্যারেথ বেল নিজেদের মধ্যে বল দেওয়া-নেওয়া করে তা তুলে দেন ফরাসি স্ট্রাইকারের মাথায়। বিপজ্জনক জায়গা থেকে নেওয়া তাঁর হেডটি পোস্টের বাইরে দিয়ে চলে যায়।
শুরু থেকে রিয়াল আক্রমণাত্মক থাকলেও ভ্যালেন্সিয়া কিন্তু প্রতি-আক্রমণ চালিয়ে যাচ্ছিল। এমনই একটা প্রতি-আক্রমণ থেকে ১৭ মিনিটে সোফিয়া ফেগৌলির ক্রস থেকে প্যারাজোর হেড কাঁপিয়ে দিয়েছিল স্বাগতিকদের।
২৮ মিনিটে আবারও গোলের সুযোগ নষ্ট করেন রোনালদো। বেনজেমার কাছ থেকে বল পেয়ে তিনি দুর্বল এক শটে তা তুলে দেন আলভেসের হাতে।
৪২ মিনিটে বেলের ক্রস থেকে বল পেয়ে আরও একটি সুযোগ নষ্ট করেন বেনজেমা।
৪৪ মিনিটে গোল করে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। প্যারাজোর কর্নার থেকে ম্যাথিউ দারুণ হেডে পরাভূত করেন রিয়াল গোলরক্ষক লোপেজকে।
এক গোলে পিছিয়ে থেকে আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় রিয়াল। তবে ভ্যালেন্সিয়ার প্রতি-আক্রমণগুলো বারবারই সমস্যায় ফেলছিল বার্নাব্যুর ছেলেদের।
৫৭ মিনিটে রোনালদো প্রাপ্ত তৃতীয় সুযোগটি কাজে লাগাতে ব্যর্থ হলেও এর ঠিক দুই মিনিট পর জালে বল জড়াতে ভুল করেননি হঠাত্ই ‘স্ট্রাইকার’ হয়ে ওঠা ডিফেন্ডার সার্জিও রামোস।
রিয়ালের উচ্ছ্বাস বাতাসে মিলিয়ে না যেতেই আবারও এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। ৬৫ মিনিটে ফেগৌলির ক্রস থেকে দারুণ এক গোল করেন প্যারাজো।
৭৮ মিনিটে অবশ্য গোল পেয়ে যেতে পারতেন রোনালদো। তাঁর দূরপাল্লার জোরালো ফ্রি-কিক দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন ভ্যালেন্সিয়ার ত্রাতা হয়ে ওঠা ওই আলভেস।
ইউরোপা কাপে ইনজুরি সময়ের গোল কপাল পুড়িয়েছিল ভ্যালেন্সিয়ার। কাল নিশ্চিত পরাজয়কে অস্বীকৃতি জানিয়ে ভ্যালেন্সিয়ার কপাল আরও একবার পোড়ান রোনালদো। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে (৯০+২) গোল করে রিয়ালকে রক্ষা করেন রোনালদো। গোলটির পেছনে অবশ্য দারুণ অবদান অ্যাঙ্গেল ডি মারিয়ার। তাঁর ফ্লিক থেকেই শান্তি ফেরে সান্তিয়াগো বার্নাব্যুতে। এএফপি, রয়টার্স।