অ্যাটলেটিকোয় থামল বার্সার জয়রথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদ্রিদ শহরের এক পাশে রিয়াল মাদ্রিদ। অন্য পাশে অ্যাটলেটিকো মাদ্রিদ। একই শহরের ক্লাব, জন্মও এক বছর আগে-পরে। কিন্তু রিয়াল মাদ্রিদের সাফল্য আর আলোর পাশে একেবারেই ম্লান অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে পরশু মাদ্রিদে আলো জ্বালাল এই অ্যাটলেটিকোই। বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকায় রিয়াল-বার্সার ব্যবধান কমিয়ে দিয়েছে ফোরলান-আগুয়েরোদের দল। রিয়াল আর বার্সার পয়েন্ট ব্যবধান এখন মাত্র ২। ২২ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। রিয়ালের পয়েন্ট ৫৩। চোট আর নিষেধাজ্ঞার খড়্গে কাটা পড়ে দুর্বল হয়ে পড়া বার্সার রক্ষণ ভেঙে অ্যাটলেটিকোকে এগিয়ে দিয়েছিলেন ডিয়েগো ফোরলান। ৯ মিনিটে তাঁর গোলটির উত্স ছিল হোসে আন্তনিও রেইসের দুর্দান্ত একটি রক্ষণচেরা পাস। ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয় সিমাওয়ের অসাধারণ এক ফ্রি-কিকে। বাঁ পায়ে কিক নেওয়ার ভান করে ডান পায়ে যে কিকটি নিয়েছিলেন, সেটি তাকিয়ে তাকিয়ে জালে ঢুকতে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না ভিক্টর ভালদেজের। মিনিট চারেক পর একটি গোল শোধ দেয় বার্সা। কর্নার কিক থেকে দারুণ এক হেডে গোলরক্ষককে পরাস্ত করেছেন দীর্ঘদেহী জ্লাতান ইব্রাহিমোভিচ। এর পর আর অ্যাটলেটিকোর ১৯ বছর বয়সী গোলরক্ষক ডেভিড ডি গিয়াকে পরাস্ত করতে পারেননি মেসি-ইব্রারা। অ্যাটলেটিকোর গোল দুটি ফোরলান আর সিমাওয়ের দুই গোলে জিতেছে অ্যাটলেটিকো। লিগে ২১ ম্যাচ পর বার্সেলোনার পরাজয়ের পেছনে এ দুজনকেই মুখ্য চরিত্র হিসেবে ধরে নিতে তাই আপত্তি থাকার কথা নয় কারোই। কিন্তু অ্যাটলেটিকোর আসল জয়ের নায়ক কিন্তু ডি গিয়া। গোল পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠা বার্সার আক্রমণভাগকে সামলেছেন তিনিই। বিশেষ করে শেষ কুড়ি মিনিটে বার্সার আক্রমণের ঢেউ যখন অ্যাটলেটিকোর জমাট রক্ষণকে ভেঙে চুরমার করে দিয়েছিল, তখন দেয়াল হয়ে দাঁড়িয়ে গেছেন ডি গিয়া। মেসি এবং ইব্রার দুটি করে প্রায় নিশ্চিত গোল রুখে দিয়েছেন তিনি।তবে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে বার্সেলোনা কোচ পেপ গার্দিওলা দলের পরাজয়ের কারণ হিসেবে দেখালেন নিজেদের সেরা খেলাটা খেলতে না পারাকেই, ‘আমরা আমাদের সেরা খেলাটা খেলতে পারিনি। পাসিংয়ে ছন্দ ছিল না। তবে অ্যাটলেটিকোকে শুভেচ্ছা। ওরা অনেক সংগঠিত ফুটবল খেলেছে।’গার্দিওলা ঠিকই ধরেছেন। পরশু অ্যাটলেটিকোর মাঠে বার্সেলোনা যেন নিজেদের ছায়া হয়েই ছিল। মাঝমাঠে জাভি হার্নান্দেজকে খুঁজেই পাওয়া যায়নি। টিভি ক্যামেরায় আন্দ্রেস ইনিয়েস্তাকে যতবার দেখা গেছে, বেশির ভাগ সময়েই তা ভুল পাসের কারণে। তবে এ নিয়ে খেলোয়াড়দের কাঠগড়ায় দাঁড় করাননি গার্দিওলা, ‘খেলোয়াড়দের নিয়ে কিছুই বলার নেই আমার। ওরা সর্বোচ্চ চেষ্টাই করেছে।’খেলোয়াড়দের বিরুদ্ধে অভিযোগ নেই ইন্টার মিলান কোচ হোসে মরিনহোরও। নাপোলির সঙ্গে গোলশূন্য ড্র মেনে নিয়েছেন তিনিও। ইতালিয়ান সিরি ‘আ’র আরেক ম্যাচে জেনোয়াকে ৩-২ গোলে হারিয়েছে জুভেন্টাস। ইতালির শিরোপা লড়াইটা এতে জমে গেল। ২৪ ম্যাচ শেষে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ইন্টার। দ্বিতীয় স্থানে থাকা রোমার পয়েন্ট ৪৭। এক ম্যাচ কম খেলা এসি মিলান তৃতীয় স্থানে আছে ৪৫ পয়েন্ট নিয়ে। এএফপি।