অ্যাটলেটিকোয় ফিরবেন তোরেস?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফার্নান্দো তোরেস
ফার্নান্দো তোরেস

অ্যাটলেটিকো মাদ্রিদের জার্সি গায়েই ক্যারিয়ার শুরু করেছিলেন ফার্নান্দো তোরেস। তারকাখ্যাতিও পেয়েছিলেন অ্যাটলেটিকোর খেলোয়াড় হিসেবে। ক্যারিয়ারের শেষবেলায় আবার হয়তো ছোটবেলার ক্লাবটিতে ফিরে আসতে পারেন স্পেনের এই তারকা স্ট্রাইকার।
এবারের মৌসুমের শুরুতে ডিয়েগো কস্তাকে দলে ভিড়িয়েছে চেলসি। অ্যাটলেটিকোর আরেক স্ট্রাইকার ডেভিড ভিয়াও পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। ফলে স্ট্রাইকার সংকটেই পড়ে গেছে গতবারের লা লিগা শিরোপাজয়ীরা। সেই ঘাটতি পূরণের জন্যই তোরেসের দিকে হাত বাড়িয়েছে অ্যাটলেটিকো।
তবে তোরেসকে দলে ভেড়ানোর ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থকড়ির হিসাব। ২০১১ সালে তোরেসকে কেনার জন্য ৫০ মিলিয়ন ইউরো খরচ করতে হয়েছিল চেলসিকে। এখন স্প্যানিশ স্ট্রাইকারের জন্য ২০ মিলিয়ন ইউরো দাবি করেছে চেলসি। কিন্তু অ্যাটলেটিকো চেষ্টা করছে ১৪ মিলিয়ন ইউরোর মধ্যেই তোরেসের সঙ্গে চুক্তিটা সেরে ফেলতে। শেষ পর্যন্ত যদি দুই ক্লাবের মধ্যে সমঝোতা হয়ে যায়, তাহলে হয়তো এবারের মৌসুমেই আবার অ্যাটলেটিকো মাদ্রিদের জার্সি গায়ে খেলতে দেখা যাবে তোরেসকে।

২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত অ্যাটলেটিকোর জার্সি গায়ে ২১৪টি ম্যাচ খেলেছিলেন তোরেস। গোল করেছিলেন ৮২টি।