অ্যাডিডাসের সাফাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই বল ভয়ংকর! খেলার অনুপযোগী। মানসম্মত নয়, যেন বাজার থেকে কিনে আনা হয়েছে—এমন কত অভিযোগ। ফিফার নতুন বিশ্বকাপ বল ‘জাবুলানি’ নিয়ে সর্বশেষ বিতর্ক—এই বল থেকে সবচেয়ে বেশ লাভবান হয়েছে জার্মান দল। অনেকের অভিযোগ, বিতর্কিত এই বলের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে জার্মানদের অনৈতিকভাবে বাড়তি সুযোগ করে দেওয়া হয়েছিল। যুক্তি হিসেবে দেখানো হচ্ছে, ফিফাকে বলটি সরবরহাকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস একটি জার্মান কোম্পানি। তারাই কৌশলে নিজেদের ফুটবলারদের হাতে আগেভাগে বল তুলে দিয়েছিল। তবে এ অভিযোগ গতকাল শুক্রবার প্রত্যাখ্যান করেছে অভিযুক্ত অ্যাডিডাস।গত ৪ ডিসেম্বর জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে একটি ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে জাবুলানি ব্যবহূত হয়। তবে নিজেদের সাফাই গেয়ে অ্যাডিডাসের প্রধান জনসংযোগ কর্মকর্তা থমাস ফন শেইক রয়টার্সকে বলেন, ‘গত ডিসেম্বরে বলটি আনুষ্ঠানিকভাবে চালু করার আগে অন্তত আটটি ঘরোয়া লিগে এ বল ব্যবহূত হয়েছে। জার্মানদের বাড়তি সুযোগ পাওয়ার প্রশ্নই ওঠে না।’অ্যাডিডাসের এ কর্মকর্তা স্বীকার করেন, অ্যাডিডাসের সঙ্গে চুক্তি থাকায় জার্মানির কয়েকটি ক্লাবে এই বল ব্যবহূত হয়েছে। তবে তাঁর দাবি, আর্জেন্টিনার বিভিন্ন লিগ, দক্ষিণ আফ্রিকা, রাশিয়া, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, বেলজিয়াম, পর্তুগাল ও ফ্রান্সে এই বল দিয়ে খেলা হয়েছে। এমনকি ব্রিটেনে ল্যাবরেটরি টেস্টের সময় চেলসি, রিয়াল মাদ্রিদ ও এসি মিলানের ফুটবলারদের মতামত নেওয়া হয়েছিল। শেইক বলেন, ‘প্রত্যেক দলকে ২৫টি করে জাবুলানি দেওয়া হয়েছে। কেউ চাইলে আরও বেশি দেওয়ার সুযোগ ছিল। তাই নতুন এই বলের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার যথেষ্ট সুযোগ ছিল। আমরা স্বীকার করছি, জাবুলানির সঙ্গে খাপ খাওয়ানো কিছুটা কঠিন। কিন্তু কোনো একটি দল বাড়তি সুবিধা পেয়েছে, এমনটা ভাবলে ভুল হবে।’