মাহেলা জয়াবর্ধনের দুই হাত কোমরে। এদিক-সেদিক তাকাচ্ছেন উদ্ভ্রান্তের মতো, চেহারায় স্পষ্ট হতাশার ছাপ। মহেন্দ্র সিং ধোনিকে দেখে উচ্ছ্বাস-হতাশা, তৃপ্তি-অসন্তুষ্টি কোনোটাই কখনো বোঝা যায় না। তবে পুরস্কার বিতরণী মঞ্চের প্রতিক্রিয়ায় অতৃপ্তিটা লুকালেন না। দুই অধিনায়কই হতাশ, অথচ ম্যাচটা হারেনি কোনো দলই!ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বেশিবার মুখোমুখি হয়েছে এই দুই দল। ১৩১তম ম্যাচে প্রথম ‘টাই’। ৭৩ ওয়ানডেতে প্রথম টাই দেখল অ্যাডিলেড ওভালও। আর ওয়ানডে ইতিহাসে এটি ২৬তম টাই।অসংখ্যবার রং বদলানো ম্যাচের শেষ বলের সমীকরণ—এক বলে চার রান। বল হাতে স্লগ ওভারে সময়ের সেরা বোলার লাসিথ মালিঙ্গা, স্ট্রাইকে সময়ের সেরা ‘ফিনিশার’ ধোনি। ব্যক্তিগত এই লড়াইয়ে কেউ জিতলেন না বলেই জিতল না কোনো দল। অফ স্টাম্পের অনেক বাইরের বলটিকে অদ্ভুতভাবে এক পা তুলে এক্সট্রা কভারে পাঠালেন ধোনি। সীমানায় পড়িমরি করে ফেরালেন সাচিত্রা সেনানায়েকে, ৩ রান, ম্যাচ টাই!৬ উইকেট হাতে নিয়ে শেষ ১০ ওভারে ভারতের প্রয়োজন ছিল মাত্র ৫৯, উইকেটে ধোনির সঙ্গে তখনো গম্ভীর। উদ্দীপ্ত বোলিং-ফিল্ডিং ও জয়াবর্ধনের চতুর অধিনায়কত্বে এই ম্যাচটিও প্রায় জিতে গিয়েছিল শ্রীলঙ্কা। আগের দুই ম্যাচে জয়ের কিনারা থেকে হারতে হয়েছে, কাল তবু টুর্নামেন্টে প্রথম পয়েন্ট পেয়েছে শ্রীলঙ্কা। তার পরও জয়াবর্ধনের আক্ষেপ, ‘এক বলে ৪ রান প্রয়োজন, এই অবস্থায় আমাদেরই জেতা উচিত ছিল। ফিনিশিংয়ে আমাদের আরও খুনে হতে হবে।’ ধোনিরও আক্ষেপ হাতের মুঠো থেকে জয় ফেলে আসায়, ‘আমার ভুলে গম্ভীর রান আউট হওয়াতেই ম্যাচটা ফসকে গেল। শেষ বলটা ভারতে হলে হয়তো দুই বাউন্সে চার হয়ে যেত, এই মাঠ তো অনেক বড়।’ ৩০তম ওভারটি হয়েছে ৫ বলের। আম্পায়ারদের এই ভুলও বেশ আলোচিত হলো ম্যাচ শেষে।অ্যাডিলেডের ব্যাটিং উইকেটে ২৩৬ রান খুব বড় কিছু নয়। কিন্তু আবারও ব্যর্থ টেন্ডুলকার, ব্যর্থ চার তরুণ কোহলি-রোহিত-রায়না-জাদেজাও। রান পেলেন শুধু গম্ভীর-ধোনি। টানা দ্বিতীয় ম্যাচে কাল নড়বড়ে নব্বইয়ে ফিরে গেছেন গৌতম গম্ভীর। টুর্নামেন্টের ধারা অনুযায়ী আগামী ম্যাচে বিশ্রাম নেওয়ার কথা গম্ভীরের, ভারত এবার বিপদেই পড়বে! শ্রীলঙ্কার হয়ে সম্ভাবনার প্রমাণ আরেকবার দিয়েছেন চান্ডিমাল, তুলে নিয়েছেন সর্বশেষ সপ্তম ইনিংসে চতুর্থ ফিফটি। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোরশ্রীলঙ্কা ৫০ ওভারে ২৩৬/৯ (থারাঙ্গা ০, দিলশান ১৬, সাঙ্গাকারা ৩১, চান্ডিমাল ৮১, জয়াবর্ধনে ৪৩, ম্যাথুস ১৭, পেরেরা ৫, কুলাসেকারা ১২, সেনানায়েকে ২২*, মালিঙ্গা ০, হেরাথ ১*; বিনয় ৩/৪৬, অশ্বিন ২/৩০, ইরফান ১/৩৮)। ভারত ৫০ ওভারে ২৩৬/৯ (গম্ভীর ৯১, টেন্ডুলকার ১৫, কোহলি ১৫, রোহিত ১৫, রায়না ৮*, ধোনি ৫৮*, জাদেজা ৩, অশ্বিন ১৪, ইরফান ৮, বিনয় ১, যাদব ০*; পেরেরা ২/৪৫, মালিঙ্গা ২/৫৩, কুলাসেকারা ১/৩৯)। ফল: ম্যাচ টাই। ম্যান অব দ্য ম্যাচ: মহেন্দ্র সিং ধোনি।সমতার ম্যাচ!রান বা উইকেটই শুধু সমান নয়, দুই দলেরই ইনিংসে সমান ১৫টি চার, দুটি করে ছয়। অতিরিক্ত (৮), মেডেনও (২) সমান, দুই দলেরই সর্বোচ্চ স্কোরার হয়েছেন রান আউট!