অ্যাডিলেডে দর্শক জনসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৭-এর নভেম্বরে ব্রিসবেনে শুরু। তিন বছর পর ওই নভেম্বরেই একটা চক্রের শেষ দেখল ব্রিসবেন। অভিষেকের পর অস্ট্রেলিয়ার ৩৯টি টেস্টের প্রতিটিতেই খেলা মিচেল জনসন আজ অ্যাডিলেডে দর্শক হয়ে গেলেন। সর্বশেষ তিন ইনিংসে উইকেটশূন্য, ১০ ইনিংসে মাত্র ১১ উইকেট নেওয়া এই বাঁহাতি পেসারকে বাদ দেওয়ার ‘কঠিন’ ও ‘সাহসী’ সিদ্ধান্ত নিয়েই অ্যাশেজের দ্বিতীয় ম্যাচটি খেলতে নেমেছে অস্ট্রেলিয়া।গ্যাবায় ইংল্যান্ডের দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানোর পর অস্ট্রেলিয়া আসলেই মানসিকভাবে কোণঠাসা। এমনিতে অ্যাশেজের ট্রফিটা ইংল্যান্ডের দখলে। সেটি ফিরে পেতে চাইলে অস্ট্রেলিয়াকে এই সিরিজ জিততেই হবে। পন্টিং চাইলে প্রেরণা খুঁজে নিতে পারেন ২০০৬-০৭ অ্যাশেজে সিরিজের অ্যাডিলেড টেস্ট থেকেই।ইংল্যান্ডের গত সফরে ৫-০ হোয়াইটওয়াশ হওয়ার নিয়তি এই অ্যাডিলেডেই ঠিক হয়ে গিয়েছিল। প্রথম ম্যাচে ২৭৭ রানের হেভিওয়েট পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল ইংল্যান্ড। অ্যাডিলেডের শেষ দিনে হাতে ৯ উইকেট নিয়ে ৯৭ রানের লিড ছিল তাদের। কিন্তু শেন ওয়ার্নের জাদুতে ৬০ রানের ব্যবধানে শেষ নয়টি উইকেট হারিয়ে ম্যাচটাই ইংল্যান্ড হেরে বসে ৬ উইকেটে। এই আঘাত আর সামলে উঠতে পারেনি অ্যান্ড্রু ফ্লিনটফের দল।আরেক অ্যান্ড্রু—অ্যান্ড্রু স্ট্রাউসের এই দলটা অবশ্য অন্য রকম। দারুণ ধারাবাহিক তারা। ব্রিসবেনও হলো ধারাবাহিকতার সাক্ষী। তা ছাড়া অস্ট্রেলিয়ায় তো আর ওয়ার্ন-জাদু নেই! রিকি পন্টিং অবশ্য আছেন, অ্যাডিলেডের সঙ্গে যাঁর দারুণ সুসম্পর্ক। এ মাঠের শীর্ষ রানসংগ্রাহক তিনি। ১৪ টেস্টে ১৪৩৩ রানের পাশাপাশি ৫টি সেঞ্চুরি ও ৫টি ফিফটি পেয়েছেন। গত ম্যাচে অপরাজিত ফিফটিও পেয়েছেন, যদিও কিছুদিন ধরে ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দিতে না পারার ব্যর্থতা চোখে লাগছে। সর্বশেষ সেঞ্চুরির দেখা পেয়েছেন এক বছর আর ১৪ ইনিংস আগে। পন্টিং নিশ্চয়ই সেঞ্চুরির জন্য অধীর অপেক্ষা করছেন।সেঞ্চুরির জন্য ব্যাকুল প্রতীক্ষা আছে কেভিন পিটারসেনেরও। তাঁর সর্বশেষ সেঞ্চুরিটা ২০০৯ সালের মার্চে। এরপর ২৭ ইনিংসে সেঞ্চুরি নেই। অ্যাশেজের প্রস্তুতি ম্যাচের পর ব্রিসবেনেও ৪৩ রানের ইনিংসে বড় কিছুর পূর্বাভাস দিয়ে রেখেছেন পিটারসেন। এই ম্যাচটা তাই দুই ‘প’-এর লড়াইও হয়ে যেতে পারে।ব্যাটসম্যানদের নিয়ে কথা হচ্ছে বেশি। অ্যাডিলেডে যে ব্যাটসম্যানদেরই রাজত্ব। ৪০ বছর ধরে দায়িত্ব পালন শেষে অ্যাডিলেডের আগের কিউরেটর অবসর নিয়েছেন। কিন্তু নতুন কিউরেটরও তাঁর হাতেই গড়া। তবে ড্র নয়, এই টেস্টে ফল হবে বলেই ধারণা নতুন কিউরেটর ডেমিয়েন হিউয়ের। এএফপি, রয়টার্স।